ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে ডনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানবন্দর এলাকায় ইমিগ্রেশন পুলিশের সদস্যরা আশরাফুল হক ডনকে আটক করেন। পরে সিআইডির একটি দল সেখানে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সালমান শাহ হত্যা সংক্রান্ত একটি মামলা বর্তমানে সিআইডিতে চলমান রয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই ডনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।