দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ক্যারিয়ার দেড় দশকের। ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে নেচে দর্শকদের মনে ঝড় তোলা ৩৮ বছর বয়সী এই তারকা যেমন খ্যাতি ও সম্পদের মালিক হয়েছেন, তেমনই প্রায়ই তাকে সোশ্যাল মিডিয়ায় ট্রল ও নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়। সম্প্রতি ইনস্টাগ্রামে এক ‘আস্ক মি এনিথিং’ সেশনে ট্রলারদের কড়া জবাব দিয়ে তিনি জানান, প্রশংসা বা সমালোচনা কোনোটিই তাকে এখন আর নাড়া দেয় না। তবে ব্যক্তিগত পরিসর পরিষ্কার রাখার স্বার্থে কেউ নেতিবাচকতা ছড়ালে তাকে ব্লক করতে দ্বিধা করেন না তিনি। অভিনেত্রীর মতে, কাউকে ব্লক করা মানে তিনি আক্রান্ত হওয়া নয়, বরং তার পাতায় ওই ব্যক্তিকে আর স্বাগত না জানানো।
ব্যক্তিগত জীবনে নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদ এবং শারীরিক অসুস্থতার মতো কঠিন সময় পার করে সামান্থা এখন জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। গত ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তিনি নতুন সংসারে দারুণ সময় কাটাচ্ছেন। জীবনের নানা চড়াই-উতরাই সামলে তিনি আবারও অভিনয়ে পুরোদমে ব্যস্ত হয়ে উঠেছেন।
বর্তমানে সামান্থা কাজ করছেন নন্দিনী রেড্ডি পরিচালিত তেলেগু সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’-এ। এই সিনেমায় তাকে অ্যাকশনধর্মী এবং গৃহবধূ, এই দুই ভিন্ন রূপে দেখা যাবে। প্রকাশিত টিজারে শাড়ি পরে তাকে দুষ্কৃতকারীদের সঙ্গে লড়াই করতে দেখে ভক্তদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।