ভারতের কৌতুকশিল্পী সময় রায়না ও ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শঙ্করের প্রেমের গুঞ্জন নতুন নয়। এবার সেই গুঞ্জন গড়িয়েছে বিয়ে পর্যন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আগামী ডিসেম্বরে নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই দুই তারকা।
তবে বিয়ের খবরকে কেন্দ্র করে তৈরি হওয়া আলোচনায় বেশ মজার প্রতিক্রিয়া জানিয়েছেন সময় ও মেধা। রোববার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টের ছবি শেয়ার করেন সময় রায়না। সেখানে দাবি করা হয়েছিল, “সময় রায়না ডিসেম্বর মাসে মেধা শঙ্করকে বিয়ে করতে যাচ্ছেন।”
পোস্টটি শেয়ার করে সময় লেখেন, “ডিসেম্বরে তো আমার ভারত সফর আছে। দুঃখিত মেধা শঙ্কর, বিয়ে পিছিয়ে দিতে হবে।” এরপর তার সেই স্টোরি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন মেধা। সঙ্গে দেন হাসির ইমোজি।
শুধু তাই নয়, পরে একটি মিমও শেয়ার করেন মেধা। সেখানে লেখা ছিল, “ভিত্তিহীন বিয়ের গুঞ্জনগুলো পাশ কাটিয়ে যাওয়ার সময় আমি।” তার এই পোস্টের পরই স্পষ্ট হয়, ভাইরাল বিয়ের খবরকে দুজনই মজার ছলেই নিচ্ছেন।
রেডিট পোস্ট থেকেই গুঞ্জন
কয়েক দিন আগে রেডিটে একটি বেনামি পোস্টকে কেন্দ্র করে সময় ও মেধার বিয়ের গুঞ্জন ছড়ায়। ওই পোস্টে দাবি করা হয়, আগামী ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন তারা। পোস্টদাতা নিজেকে সময়ের পরিবারের ঘনিষ্ঠজন বলেও দাবি করেন।
ওই পোস্টে আরও বলা হয়, সময় ও মেধা বর্তমানে ছুটিতে রয়েছেন এবং সময় নাকি দ্রুত মেধাকে বিয়ে করতে চান। তবে এসব দাবির কোনোটি সময় বা মেধা নিজেরা নিশ্চিত করেননি।
‘সবচেয়ে ভালো বন্ধু’ মেধা
চলতি বছরের শুরুতে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সময় ও মেধার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। মেধা সময়ের অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় মৌসুমের একটি পর্বেও অংশ নেন। ওই পর্বে আরও ছিলেন বরুণ ধাওয়ান, নিশান্ত তানওয়ার ও শ্যারন ভার্মা।
অনুষ্ঠানে সময় ও মেধার সম্পর্ক নিয়েও কথা ওঠে। তখন মেধাকে নিজের ‘সবচেয়ে ভালো বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন সময়।
সম্প্রতি সুইজারল্যান্ডে দুজনের একসঙ্গে ঘুরতে যাওয়ার গুঞ্জনও ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রকাশ করা কিছু ছবি দেখে ভক্তদের একাংশ এমন ধারণা করেন। তবে তারা একসঙ্গে ছুটি কাটাচ্ছেন কি না, সেটিও সময় বা মেধা নিশ্চিত করেননি।
ফলে প্রেমের গুঞ্জনের পর বিয়ের খবর ছড়ালেও, এখন পর্যন্ত সময় রায়না ও মেধা শঙ্করের পক্ষ থেকে বিয়ের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।