ঈদুল আজহার ব্লকবাস্টার সিনেমা ‘রকস্টার’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে নবাগত অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার। মেগাস্টার শাকিব খানের বিপরীতে প্রথম সিনেমাতেই দর্শক ও চলচ্চিত্র মহলে নিজের অভিনয়ের জন্য বেশ বাহবা কুড়াচ্ছেন এই তরুণী। এবার মিথিলার এই নতুন পথচলা ও সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে তাঁকে প্রশংসায় ভাসালেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ আবেগঘন পোস্টের মাধ্যমে মিথিলার প্রতি নিজের ভালোবাসা ও বন্দনা প্রকাশ করেছেন তিনি।
‘রকস্টার’ সিনেমার শাকিব-মিথিলার একটি রোমান্টিক স্থিরচিত্র শেয়ার করে মাহি লিখেছেন, বড় পর্দায় মিথিলাকে এভাবে জ্বলে উঠতে দেখে তাঁর হৃদয় আজ সত্যিই ভরে গেছে। মিথিলার এই অবস্থানের পেছনের কঠোর পরিশ্রম, ত্যাগ, নির্ঘুম রাত আর অদম্য ইচ্ছাশক্তির গল্পটা খুব কাছ থেকে দেখেছেন বলেই এই অনুভূতিটা মাহির কাছে একেবারে আলাদা ও স্পেশাল।
বন্ধুর এমন বড় অর্জনে প্রশংসার পাশাপাশি একটি সুন্দর পরামর্শও দিয়েছেন মাহি। তিনি মিথিলাকে উদ্দেশ্য করে বলেন, আজ সবাই সাফল্য উদযাপন করলেও তিনি উদযাপন করতে চান মিথিলার ব্যক্তিত্বকে। ভবিষ্যতে যত বড় অর্জনই আসুক না কেন, মিথিলা যেন সবসময় এই বিনয়ী ভাবটা বজায় রাখেন কারণ বন্ধুর এই গুণটিই মাহিকে সবচেয়ে বেশি গর্বিত করে। প্রথম সিনেমা দিয়েই মিথিলা অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে গেছেন উল্লেখ করে মাহি আশাবাদ ব্যক্ত করেন যে, এটি কেবল একটি দারুণ শুরু এবং সামনে তাঁর জন্য আরও বড় স্বপ্ন অপেক্ষা করছে।
পোস্টের শেষ অংশে মাহি তাঁদের সুন্দর বন্ধুত্বের কথা স্মরণ করে সবসময় পাশে থাকার জন্য মিথিলাকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে বড় পর্দায় আরও উজ্জ্বল হয়ে ওঠার জন্য আন্তরিক শুভকামনা জানান।