ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সংগীত আয়োজনে বড় অর্জনের সাক্ষী হলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী Sanjoy। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি তিনি জায়গা পেয়েছেন বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামেও।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সঞ্জয় জানান, দীর্ঘদিনের স্বপ্ন ও পরিশ্রমের ফল হিসেবে এই সুযোগ এসেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বেড়ে ওঠার সময় বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শে এসে সংগীতের প্রতি তার আগ্রহ তৈরি হয়। সেই অভিজ্ঞতাই তাকে বৈশ্বিক মঞ্চে কাজ করার স্বপ্ন দেখিয়েছে।
সঞ্জয়ের ভাষায়, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করা এবং একই সঙ্গে অফিশিয়াল অ্যালবামের অংশ হতে পারা তার জন্য অত্যন্ত গর্বের বিষয়।
তিনি আরও বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; বরং বড় স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়নে নিরলস চেষ্টা করে যাওয়া তরুণদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ।
সঞ্জয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল সাউন্ডট্র্যাকের অংশ হিসেবে তার গান ‘Sir Sir’ প্রকাশিত হবে। এ প্রকল্পে তার সঙ্গে রয়েছেন Nora Fatehi এবং Vegedream-এর মতো আন্তর্জাতিক শিল্পীরা।
ফিফার অফিশিয়াল অ্যালবামে বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকাদের গান অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যালবামটিতে রয়েছেন Shakira, Burna Boy, Rema, Daddy Yankee, The Rolling Stones-সহ আরও অনেক আন্তর্জাতিক শিল্পী।
যৌথভাবে আয়োজিত ২০২৬ বিশ্বকাপের স্বাগতিক দেশ হলো United States, Canada এবং Mexico। তিন দেশেই পৃথক উদ্বোধনী আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নেবেন।
জানা গেছে, এসব আয়োজনে সঞ্জয় মঞ্চ ভাগ করবেন আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় তারকাদের সঙ্গে। তালিকায় রয়েছেন Katy Perry এবং Lisa-এর মতো শিল্পীরাও।
উল্লেখ্য, সঞ্জয়ের জন্ম বাংলাদেশের শ্রীমঙ্গলে। শৈশবের একটি অংশ কেটেছে চট্টগ্রামে। পরে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়ে তিনি সংগীতচর্চায় মনোনিবেশ করেন। পারিবারিকভাবেও সংগীতের সঙ্গে তার গভীর সংযোগ রয়েছে। তার মা ও নানিও সংগীতচর্চার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন এই শিল্পী।