বলিউড অভিনেত্রী সারা আলি খান সবসময়ই তার পরিবারকে সবচেয়ে আগে রাখেন। সাইফ আলি খান ও অমৃতা সিং দম্পতির বিচ্ছেদের পর দুই সন্তান মায়ের কাছেই বড় হয়েছেন। তবে বাবা সাইফ আলি খান এবং ঠাকুমা শর্মিলা ঠাকুরের সঙ্গে তাদের সম্পর্ক বরাবরই মধুর। সম্প্রতি সেই পারিবারিক বন্ধনের আরও একটি সুন্দর উদাহরণ সামনে এনেছেন সারা।
সোমবার (২২ জুন) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মা অমৃতা সিং ও ঠাকুমা শর্মিলা ঠাকুরকে নিয়ে থিয়েটারে নাটক দেখতে যাওয়ার কিছু মুহূর্ত শেয়ার করেন অভিনেত্রী।
থিয়েটার হলের অডিটোরিয়ামের ভেতরে বসে তোলা দুটি আলাদা সেলফি দিয়ে একটি কোলাজ পোস্ট করেন সারা। একটি ছবিতে তাকে হাসিমুখে ঠাকুমা শর্মিলা ঠাকুরের সঙ্গে দেখা যায়। অন্য ছবিতে মা অমৃতা সিংকে জড়িয়ে ধরে পোজ দিয়েছেন তিনি।
ছবির ক্যাপশনে জীবনের দুই গুরুত্বপূর্ণ মানুষকে ‘ওজি লিজেন্ডস’ উল্লেখ করে সারা লেখেন, “আমার ওজি লিজেন্ডদের সঙ্গে থিয়েটার টাইম! নাটকটা তো বেশ ভালোই ছিল; কিন্তু সেরা অভিনেত্রীরা তো আসলে আমার দুই পাশেই বসে আছেন!”
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পর প্রশংসায় ভাসতে থাকেন সারা। অতীতের পারিবারিক দূরত্ব ও আইনি তিক্ততাকে পেছনে ফেলে অমৃতা সিং ও শর্মিলা ঠাকুরকে একসঙ্গে দেখা যাওয়ায় অনেকেই এটিকে পরিপক্ব পারিবারিক সৌহার্দ্যের উদাহরণ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ১৯৯১ সালের অক্টোবরে বলিউড অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন সাইফ আলি খান। বয়সের ব্যবধান নিয়ে সে সময় বেশ আলোচনা হলেও ভালোবেসেই সংসার শুরু করেছিলেন তারা। এই দম্পতির দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। তবে ১৩ বছরের দাম্পত্য জীবনের পর ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
পরবর্তীতে ২০১২ সালে অভিনেত্রী কারিনা কাপুর খানকে বিয়ে করেন সাইফ আলি খান। অন্যদিকে অমৃতা সিং সন্তানদের বড় করে তোলা এবং নিজের ক্যারিয়ারেই মনোযোগ দেন। তবুও এত বছর পর সাবেক পুত্রবধূ অমৃতা সিং ও শর্মিলা ঠাকুরের একই থিয়েটার হলে বসে সময় কাটানোর ঘটনা অনেকের কাছেই ইতিবাচক বার্তা হিসেবে ধরা দিয়েছে।
কাজের ক্ষেত্রে, সারা আলি খানকে সর্বশেষ দেখা গেছে ‘পতি, পত্নী অউর ও দো’ সিনেমায়। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, ওয়ামিকা গাব্বি ও রাকুল প্রীত সিং।
বর্তমানে আকাশ এ কৌশিক পরিচালিত স্পাই-কমেডি সিনেমা ‘উড়তা তীর’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সারা। ধর্মা প্রোডাকশন ও শিখ্যা এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় তার বিপরীতে থাকছেন আয়ুষ্মান খুরানা। আগামী ১১ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।