মেঘনা গুলজার পরিচালিত নতুন রিয়ালিস্টিক ক্রাইম ড্রামা সিনেমা ‘দাইরা’ সম্প্রতি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে প্রধান দুই পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর খান এবং পৃথ্বীরাজ সুকুমারন। তাঁদের চমৎকার অভিনয়শৈলী ও টানটান উত্তেজনার প্লট ইতোমধ্যেই সমালোচক ও দর্শকদের মন জয় করে নিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, গত ১৮ সেপ্টেম্বর মুক্তির পর থেকে বক্স অফিসে বেশ স্থিতিশীল ব্যবসা করছে ছবিটি। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিন অর্থাৎ শুক্রবারে ‘দাইরা’ ১ কোটি রুপি আয় দিয়ে যাত্রা শুরু করে। এরপর শনিবার ও রোববারে আয় বেড়ে যথাক্রমে ১.৭৫ কোটি রুপি করে হয়। ফলে প্রথম তিন দিন শেষে ভারতে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ৪.৫০ কোটি রুপি এবং মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৫.৪০ কোটি রুপি।
সিনেমাটির মূল গল্প গড়ে উঠেছে একটি সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে যেখানে এক তরুণীকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ ওঠার পর অভিযুক্তদের এনকাউন্টারে হত্যা করে ডিসিপি রমন কুমার (পৃথ্বীরাজ সুকুমারন)-এর দল। তবে আসামিরা আসলেই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল নাকি ঘটনা অন্য কিছু, তা খতিয়ে দেখতে তদন্তে নামে বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। এই দলের প্রধান আজুনি (কারিনা কাপুর) তদন্তের মাধ্যমে সত্য উন্মোচনের লড়াই চালিয়ে যান।