প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে বড় ধরনের ধাক্কা খেয়েছে তামিল তারকা কার্তি অভিনীত স্পাই-অ্যাকশন থ্রিলার ‘সরদার ২’। মুক্তির দ্বিতীয় দিনে সিনেমাটির আয় ৫০ শতাংশ কমে গিয়ে ভারতে মোট ৭.৫০ কোটি রুপি গ্রস কালেকশন করতে পেরেছে।
প্রতিবেদনে জানানো হয়, প্রথম দিনে ৫ কোটি রুপি আয় দিয়ে ধীরগতির সূচনা করার পর দ্বিতীয় দিনে সিনেমাটির ঝুলিতে যোগ হয়েছে মাত্র ২.৫০ কোটি রুপি। তামিলনাড়ু থেকে ৩.৭৫ কোটি এবং তেলুগু অঞ্চল থেকে ২.৭৫ কোটি রুপি আয় এলেও কর্ণাটক ও ভারতের অন্যান্য বাজার থেকে সিনেমাটির সংগ্রহ ছিল অত্যন্ত হতাশাজনক। একই দিনে মুক্তি পাওয়া এবং বক্স অফিসে রাজত্ব করা সূরি অভিনীত স্পোর্টস ড্রামা ‘মানদাদি’-র সঙ্গে লড়াইয়ে টেকাই কঠিন হয়ে পড়েছে ‘সরদার ২’-এর জন্য।
পিএস মিথ্রান পরিচালিত এবং কার্তি, এস জে সুরিয়া, মালবিকা মোহনান, আশিকা রঙ্গনাথ ও রাজিশা বিজয়ন অভিনীত এই সিনেমায় স্পাই জগতের রোমাঞ্চ তুলে ধরা হলেও দর্শকদের থেকে গড়ে সাধারণ মানের প্রতিক্রিয়া (অ্যাভারেজ ওয়ার্ড অব মাউথ) পেয়েছে ছবিটি। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে সামনের দিনগুলোতে সিনেমাটির আয় আরও কমতে পারে এবং বক্স অফিসে ব্যর্থতার মুখে পড়তে যাচ্ছে এই স্পাই-ড্রামাটি।