বক্স অফিসে চরম নিরাশাজনক পারফর্ম্যান্সের মধ্য দিয়ে টানা তিন দিন কাটিয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে তামিল তারকা কার্তি ও এস জে সুরিয়া অভিনীত স্পাই-অ্যাকশন সিনেমা ‘সরদার ২’। মুক্তির তৃতীয় দিনে (শনিবার) সিনেমাটি ৩ কোটি রুপি গ্রস আয় করলেও তিন দিন শেষে ভারতের বাজারে মোট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে মাত্র ১০.৫০ কোটি রুপিতে। 

প্রতিবেদনে জানানো হয়, প্রথম দিনে ৫ কোটি রুপি আয় দিয়ে সূচনা করার পর দ্বিতীয় দিনে আয়ে বড় পতন ঘটে এবং আয় নেমে আসে ২.৫০ কোটি রুপিতে। তৃতীয় দিনে আয় ২০ শতাংশ বেড়ে ৩ কোটি রুপি হলেও প্রথম দিনের তুলনায় তা এখনো ৪০ শতাংশ কম। দর্শকদের কাছ থেকে পাওয়া গড়পড়তা বা সাধারণমানের প্রতিক্রিয়া (অ্যাভারেজ ওয়ার্ড অব মাউথ)-র কারণে ছবিটি মুক্তির শুরু থেকেই দর্শকদের টানতে ব্যর্থ হচ্ছে। একই সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সূরির ‘মানদাদি’ সিনেমাটি বক্স অফিসে তুমুল সফলতা লাভ করায় ‘সরদার ২’-এর ব্যবসার পথ আরও কঠিন হয়ে পড়েছে।

পিএস মিথ্রান পরিচালিত এবং প্রিন্স পিকচার্স ও আইভি এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই অ্যাকশন থ্রিলারটিতে কার্তি ও এস জে সুরিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মালবিকা মোহনান, আশিকা রঙ্গনাথ, রাজিশা বিজয়ন ও যোগী বাবু। সিনেমাটির বর্ধিত প্রথম সপ্তাহান্ত শেষে মোট আয় ১৩ থেকে ১৫ কোটি রুপির মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা।