‘লাপাতা লেডিস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়া অভিনেতা সতেন্দ্র সোনি এবার আলোচনায় এসেছেন ব্যক্তিগত এক অভিযোগকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, নতুন একটি ছবির শুটিং করতে গিয়ে পরিচালক পুষ্পেন্দ্র সিংয়ের হাতে হেনস্তা ও মারধরের শিকার হয়েছেন।

ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে সতেন্দ্র বলেন, নতুন ছবির জন্য তাকে ৫০ হাজার রুপি অগ্রিম দেওয়া হয়েছিল। বাকি পারিশ্রমিক শুটিং শেষে পরিশোধ করার কথা ছিল। তবে আট দিনের শুটিং শেষ হওয়ার পর তিনি পাওনা টাকার কথা তুলতেই পরিচালক তাকে ব্যাগ গুছিয়ে চলে যেতে বলেন। এমনকি হোটেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি মারধরের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিনেতার অভিযোগ, ঘটনাটি সেখানেই থেমে থাকেনি। তার দাবি, পরিচালক পুষ্পেন্দ্র সিং এবং তার স্ত্রী প্রগতি চৌহান গাড়ি নিয়ে তাদের পিছু নেন এবং পরে রাস্তার মাঝেই তাকে মারধর করেন। সতেন্দ্র জানান, তার সঙ্গে থাকা শ্রীধর নামের এক ব্যক্তি তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।

ঘটনার পর নিরাপত্তাহীনতায় মধ্যপ্রদেশ থেকে মুম্বাই ফিরে যান সতেন্দ্র সোনি। পাশাপাশি পুরো ঘটনার বিষয়ে প্রশাসনের সহায়তা চেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

তবে এ বিষয়ে পরিচালক পুষ্পেন্দ্র সিং বা প্রগতি চৌহানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।

উল্লেখ্য, ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন সতেন্দ্র সোনি। এরপর বলিউডের আরও কয়েকটি সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন তিনি।