ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর টালিউড যাত্রার দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রায় দুই বছর আগে শুটিং শেষ হলেও নানা আইনি ও কৌশলগত জটিলতায় আটকে ছিল তাঁর প্রথম ওপার বাংলার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’। সম্প্রতি নির্মাতা রাশেদ রাহা নিশ্চিত করেছেন যে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল (যা ৪ মে প্রকাশিত হবে) ঘোষণার পরপরই মে মাসের মাঝামাঝি সময়ে ছবিটি কলকাতায় মুক্তি পাবে। পাশাপাশি বাংলাদেশেও সিনেমাটি মুক্তির জোর প্রস্তুতি চলছে।

থ্রিলার ঘরানার এই সিনেমায় বুবলীর বিপরীতে দেখা যাবে পশ্চিমবঙ্গের দুই শক্তিশালী অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাসকে। খায়রুল বাসার নির্ঝরের চিত্রনাট্যে বুবলী অভিনয় করেছেন ‘শ্বেতা’ নামের একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে। পাহাড়ি জনপদে ভিন্ন ঘরানার তিন মানুষের জীবনের সমান্তরাল রেখা যেখানে মিলেমিশে একাকার হয়ে যায়, সেখান থেকেই শুরু হয় ‘ফ্ল্যাশব্যাক’-এর রহস্য। বুবলীর এই নতুন অবতার দেখতে দুই বাংলার দর্শকরাই এখন মুখিয়ে আছেন।

অন্যদিকে, দেশের প্রেক্ষাগৃহে আগামী ৮ মে মুক্তি পেতে যাচ্ছে বুবলী অভিনীত আরেকটি আলোচিত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। সরকারি অনুদানপ্রাপ্ত এবং রাখাল সবুজ পরিচালিত এই সিনেমায় বুবলীর বিপরীতে আছেন জিয়াউল রোশান। লোকজ ঐতিহ্য ‘লাঠিখেলা’কে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার ট্রেলার ইতোমধ্যে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। তবে সিনেমার প্রচারণায় বুবলীর অনুপস্থিতি এবং তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলমান গুঞ্জন। বিশেষ করে দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবর, সিনেমাপাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। যদিও এই বিষয়ে অভিনেত্রী এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।