‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের মাত্র পাঁচ শব্দের এই সংক্ষিপ্ত পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। গত মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই স্ট্যাটাস দেন তিনি। পোস্টে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রেক্ষাপটের কথা তিনি উল্লেখ না করলেও, সালমান শাহর মৃত্যুর ঘটনায় মামলা নতুন করে গতি পাওয়ায় এই মন্তব্য ঘিরে অনুরাগীদের মাঝে কৌতুহল তৈরি হয়েছে।
নব্বইয়ের দশকের অন্যতম সফল জুটি সালমান শাহ ও শাবনূরের রসায়ন যেমন পর্দায় ব্যবসা সফল ছিল, তেমনি সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর বিভিন্ন সময় শাবনূরকে জড়িয়ে নানা বিতর্ক তৈরি করা হয়েছিল। তবে এই অভিনেত্রী সব সময়ই তা অস্বীকার করে এসেছেন। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্যতম অভিযুক্ত খল-অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী ডনের পুরোনো জবানবন্দির তথ্য প্রকাশ করেন। সেখানে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা, ইনজেকশন দেওয়া ও ফাঁসে ঝোলানোর বিষয়ে ডন, সামিরা ও আজিজ মোহাম্মদ ভাইসহ একাধিক ব্যক্তির নাম আসার খবর নতুন করে সামনে এসেছে।
সালমান শাহর প্রয়াণের দীর্ঘ সময় পরও রহস্য উন্মোচনের জোর দাবি জানিয়ে আসছেন তাঁর পরিবার ও কোটি অনুরাগী। অন্যদিকে, সালমান শাহর সঙ্গে সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে শাবনূর সবসময় জানিয়েছেন তারা ভাই-বোনের মতো ছিলেন, যে বিষয়ে সম্প্রতি একমত পোষণ করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরীও। মামলায় নতুন অগ্রগতি ও ডন গ্রেপ্তারের পরপরই শাবনূরের এমন জীবনমুখী বার্তা প্রচার হওয়ায় অনেকেই এটিকে সালমান শাহ হত্যা মামলার সত্য উন্মোচনের ইঙ্গিত হিসেবে দেখছেন, যদিও এ বিষয়ে শাবনূর নিজে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।
১৯৯৩ সালে চলচ্চিত্রে আসা সালমান শাহ তাঁর চার বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন, যার মধ্যে ১৪টিতেই তাঁর নায়িকা ছিলেন শাবনূর। ‘স্বপ্নের ঠিকানা’, ‘তোমাকে চাই’, ‘সুজন সখী’র মতো একাধিক কালজয়ী সিনেমার এই জনপ্রিয় নায়িকার সামাজিক মাধ্যমের হঠাৎ এমন বার্তা সালমান শাহর মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটনের অপেক্ষায় থাকা অনুরাগীদের নজর কেড়েছে।