অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার নিয়ে ঘুরতে গিয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সঙ্গে দেখা হয়েছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের। শাবনূরের ভাইয়ের বাসায় আয়োজিত এক বারবিকিউ পার্টিতে দুই পরিবার মিলে কাটিয়েছে আনন্দঘন এক সন্ধ্যা।

দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন শাবনূর। সেখানে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন আয়োজনেও অংশ নেন তিনি। এবার পরিবার নিয়ে অস্ট্রেলিয়া সফরে থাকা তাসকিনও দেখা করেন অভিনেত্রী ও তার পরিবারের সঙ্গে। পরে শাবনূরের ভাইয়ের বাসায় আয়োজন করা হয় বারবিকিউ পার্টির।

গল্প, আড্ডা ও খাওয়া-দাওয়ায় জমে ওঠে সন্ধ্যার আয়োজন। সেই মুহূর্তের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে শাবনূর, তাসকিনসহ পরিবারের সদস্যদের হাস্যোজ্জ্বল দেখা যায়। দুই তারকাকে একই ফ্রেমে দেখে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।

তাসকিনকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে শাবনূর লেখেন, সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে দারুণ সময় কেটেছে। তাসকিনকে দেশের গর্ব ও সময়ের অন্যতম সেরা ক্রিকেটার উল্লেখ করে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন অভিনেত্রী।

অন্যদিকে, একই আয়োজনের ছবি শেয়ার করে তাসকিন শাবনূর ও তার পরিবারকে আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান।

এদিকে, দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়েছে। ঐতিহাসিক এই সফরের দলে ছিলেন তাসকিনও। সিরিজ শেষে দলের বেশিরভাগ ক্রিকেটার দেশে ফিরলেও তাসকিন, তাইজুল ইসলাম ও মুমিনুল হকসহ কয়েকজন এখনও অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।