বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শাফিন আহমেদের দ্বিতীয় প্রয়াণদিবসে শ্রদ্ধা আর ভালোবাসায় প্রিয় সহযোদ্ধাকে স্মরণ করেছে তাঁর দীর্ঘদিনের ব্যান্ড
ফেসবুক বার্তার মাধ্যমে মাইলসের পক্ষ থেকে জানানো হয়, চার দশকেরও বেশি সময় ধরে লিড ভোকালিস্ট, বেজ গিটারিস্ট ও কম্পোজার হিসেবে ব্যান্ডের পরিচয় ও যাত্রাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন শাফিন আহমেদ। দলের ভিত তৈরিতে তিনি ছিলেন অন্যতম প্রধান স্তম্ভ।
স্মরণবার্তায় তাঁর সৃষ্ট কালজয়ী গান ‘প্রথম প্রেমের মতো’, ‘কী জাদু’, ‘পাহাড়ী মেয়ে’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’, ‘পাতা ঝরে যায়’ এবং মানাম আহমেদের সুরে ‘চাঁদ তারা’, ‘ধ্বিকি ধ্বিকি’, ‘জ্বালা জ্বালা’ ও ‘ফিরিয়ে দাও’ সহ অসংখ্য শ্রোতানন্দিত গানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরা হয়।
মঞ্চে তাঁর গায়কী ও উপস্থিতির প্রভাব স্মরণ করে পোস্টটিতে লেখা হয়, শাফিনের অনন্য কণ্ঠ, গ্রুভভিত্তিক সুরেলা বেস লাইন, অসাধারণ সংগীতবোধ এবং স্বতঃস্ফূর্ত মঞ্চ উপস্থিতি মাইলসের প্রতিটি পরিবেশনাকে অনন্য ও স্মরণীয় করে তুলেছিল। তাঁর রেখে যাওয়া সংগীত প্রতিটি সুরে, প্রতিটি মঞ্চে এবং লাখো শ্রোতার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে সংগীত পরিবেশনের জন্য যুক্তরাষ্ট্র সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাফিন আহমেদ। পরে ২৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেখানকার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই রক তারকা। পরে দেশে এনে বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। দীর্ঘ ক্যারিয়ারে 'নীলা', 'আজ জন্মদিন তোমার', 'পিয়াসী মন'-এর মতো অসংখ্য ইতিহাস সৃষ্টকারী গান উপহার দিয়ে কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে আছেন তিনি।