গত বছর নিজের ৬০তম জন্মদিনে আসন্ন সিনেমার টিজার প্রকাশ করে দর্শকদের চমকে দিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বছর ঘুরে আবারও আসছে তাঁর জন্মদিন। এর আগেই নতুন চমক দিলেন কিং খান। মঙ্গলবার সকালে নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছেন তিনি। পোস্টারে শাহরুখের নতুন লুকের পাশাপাশি তাঁর দেওয়া সংলাপও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
‘কিং’-এর টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে পাকা চুল, মুখভর্তি দাড়ি আর রুক্ষ চেহারায় শাহরুখের নতুন অবতার নিয়ে শুরু হয়েছিল আলোচনা। এবার অফিসিয়াল পোস্টার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে।
পোস্টারে কালো পোশাকে দেখা গেছে শাহরুখকে। তাঁর চুল ও দাড়িতে পাক ধরেছে, পোশাকজুড়ে রক্তের দাগ আর মুখে গম্ভীর অভিব্যক্তি। পেছনে আগুনে ঘেরা বৃত্তাকার কাঠামো, চারপাশে জ্বলছে আগুন। সব মিলিয়ে পোস্টারজুড়ে রয়েছে ধ্বংসযজ্ঞ ও অ্যাকশনের আবহ। রোমান্টিক নায়কের পরিচিত চেহারা ছেড়ে এবার যেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে হাজির হয়েছেন তিনি।
পোস্টারের সঙ্গে একটি সংলাপও প্রকাশ করেছেন শাহরুখ। লিখেছেন, ‘আজ আবার মনে পড়ল... খুনি নই, প্রেমিক।’ অ্যাকশনধর্মী আবহের সঙ্গে প্রেমিকের এই পরিচয় সামনে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। সিনেমায় শাহরুখের চরিত্রের রহস্য এবং সংলাপটির তাৎপর্য জানতে আগ্রহী দর্শকেরা।
পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন অনুরাগীরা। কেউ শাহরুখকে ‘কিং’ বলে অভিহিত করেছেন, আবার কেউ সিনেমাটিতে নতুন মাত্রার অ্যাকশন দেখার অপেক্ষায় রয়েছেন। এক ভক্ত লিখেছেন, ‘আমরা এখন কিং-এর যুগে আছি।’ আরেকজন লিখেছেন, ‘পরবর্তী পর্যায়ের উন্মাদনার অপেক্ষায় আছি।’
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পোস্টারেও মুক্তির তারিখ উল্লেখ করা হয়েছে। সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স। ধারণা করা হচ্ছে, আগামী ২ নভেম্বর শাহরুখের জন্মদিন উপলক্ষে ছবিটির নতুন টিজার বা ট্রেলার প্রকাশ করা হতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
এর আগে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ সিনেমায় অভিনয় করেছিলেন শাহরুখ খান। পাশাপাশি ‘জওয়ান’ সিনেমাতেও তাঁর অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন সিনেমা ‘কিং’-এ শাহরুখের সঙ্গে দেখা যাবে রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন ও তাঁর মেয়ে সুহানাকে। নতুন লুকে শাহরুখকে বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।