বলিউড সুপারস্টার শাহরুখ খানের আসন্ন সিনেমা কিং নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। পাঠানজাওয়ান এর রেকর্ড সাফল্যের পর এবার অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে এই সিনেমার মাধ্যমে শাহরুখের মেয়ে সুহানা খানের বড় পর্দায় অভিষেক হওয়ায় ছবিটি শুরু থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর তথ্য অনুযায়ী, আগামী আগস্টের মধ্যেই কিং এর শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির বাজেট প্রায় ৪৫০ কোটি রুপি। বিশাল এই প্রযোজনার জন্য প্রায় ১৫০ দিনের শুটিং পরিকল্পনা করা হয়েছে, যেখানে শাহরুখ খান, সুহানা খান এবং অন্যান্য শিল্পী-কলাকুশলীরা অংশ নিয়েছেন।

সিনেমাটি শাহরুখ খানের জন্য শুধু আরেকটি বড় বাজেটের প্রজেক্ট নয়, বরং ব্যক্তিগতভাবেও বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ 'কিং' এর মাধ্যমেই বড় পর্দায় আনুষ্ঠানিকভাবে অভিষেক হতে যাচ্ছে তাঁর মেয়ে সুহানা খানের। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এটিই ছবির সবচেয়ে বড় আকর্ষণ। তাই সিনেমাটির প্রচার, বিপণন ও মুক্তি পরিকল্পনায় কোনো ধরনের ঘাটতি রাখতে চান না শাহরুখ।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্সের প্রযোজনায় নির্মিত 'কিং' এর গল্প আবর্তিত হয়েছে শহরের অপরাধ জগতের এক প্রভাবশালী ডন এবং তার একনিষ্ঠ শিষ্যাকে ঘিরে। অপরাধচক্রের নিয়ন্ত্রণ, ক্ষমতার লড়াই এবং সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করেই এগিয়ে যাবে ছবির কাহিনি। শিষ্যার চরিত্রটি নিজের গুরুর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে এবং গল্পের গুরুত্বপূর্ণ অংশজুড়ে তার উপস্থিতি থাকবে।

নির্মাতাদের দাবি, আন্তর্জাতিক স্টান্ট বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে ছবির অ্যাকশন দৃশ্যগুলো। এসব দৃশ্যে এমন কিছু কোরিওগ্রাফি ও ভিজ্যুয়াল উপস্থাপন করা হবে, যা বলিউডে আগে খুব কমই দেখা গেছে। পাশাপাশি ছবির ভিএফএক্স ও প্রযুক্তিগত নির্মাণেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তারকাবহুল এই সিনেমায় শাহরুখ খান ও সুহানা খানের পাশাপাশি অভিনয় করছেন অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং জয়দীপ আহলাওয়াত। শক্তিশালী কাস্ট, বড় বাজেট এবং অ্যাকশননির্ভর গল্পের কারণে ছবিটি ইতোমধ্যেই বছরের অন্যতম আলোচিত বলিউড প্রজেক্টে পরিণত হয়েছে।

যদিও শুরুতে ছবিটি বড়দিন উপলক্ষে মুক্তির সম্ভাবনার কথা শোনা গিয়েছিল, নির্মাতাদের পক্ষ থেকে এখনো চূড়ান্ত মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। তবে শাহরুখ ভক্তদের মধ্যে এখন থেকেই ছবিটি নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। বিশেষ করে প্রথমবারের মতো বাবা-মেয়েকে একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।