শাহরুখ খানের স্বপ্নের ঠিকানা ‘মান্নাত’। মুম্বাইয়ের বান্দ্রার এই ঐতিহ্যবাহী প্রাসাদ বলিউড বাদশার ভক্তদের কাছে যেন এক পীঠস্থান। জন্মদিন, ঈদ কিংবা নতুন সিনেমা মুক্তির সময় বাড়িটির সামনে ভিড় করেন অসংখ্য অনুরাগী।
এবার সেই ‘মান্নাত’ই পাচ্ছে নতুন রূপ। প্রাসাদটির আধুনিকীকরণ ও সংস্কারে শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান আনুমানিক ২২৫ কোটি টাকা খরচ করছেন বলে বলিউডে গুঞ্জন রয়েছে। প্রায় আড়াই হাজার বর্গমিটার আয়তনের ১৯১৪ সালে নির্মিত এই হেরিটেজ বাংলোটির ছয়তলার সঙ্গে আরও দুটি তলা যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে পুরো বাড়ির নকশা ও অভ্যন্তরীণ সাজসজ্জায়ও বড় পরিবর্তন আনা হয়েছে।
গৌরী খান নিজেও পরিচিত ইন্টেরিয়র ডিজাইনার ও স্থাপত্য-নকশার সঙ্গে যুক্ত। তার তত্ত্বাবধানের পাশাপাশি দেশ-বিদেশের কয়েকজন স্থপতির পরিকল্পনা ও পরামর্শে ‘মান্নাত’-এর সংস্কারকাজ এগিয়েছে বলে জানা গেছে।
সংস্কারকাজের কারণে প্রায় দেড় বছর ধরে নিজের স্বপ্নের বাড়ি থেকে দূরে রয়েছেন শাহরুখ। এ সময় তিনি পালি হিলসে অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির একটি বিলাসবহুল বাংলো ভাড়া নিয়ে থাকছেন। তিন বছরের লিজে বাড়িটির মাসিক ভাড়া ১১ লাখ ৫৪ হাজার টাকা বলে জানা গেছে।
তবে ‘মান্নাত’-এ ফেরার অপেক্ষা এবার শেষের পথে। ইতোমধ্যে নতুন দুটি তলার নির্মাণকাজ শেষ হয়েছে। বাকি কাজও আগামী দুই-তিন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনামতো এগোলে আসন্ন দিওয়ালি উদযাপনেই নিজের বিখ্যাত বারান্দায় আবার দেখা যেতে পারে শাহরুখকে।
‘মান্নাত’ সংস্কারের পরিকল্পনা অবশ্য সহজ ছিল না। হেরিটেজ ভবন হওয়ায় নির্মাণ ও সম্প্রসারণের জন্য প্রশাসনিক অনুমতি নিতে বেশ কিছু জটিলতার মুখে পড়তে হয়েছিল শাহরুখ ও গৌরীকে। বিষয়টি আদালত পর্যন্তও গড়ায়। শেষ পর্যন্ত প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পরই পুরোদমে সংস্কারকাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়।
দেড় বছর ধরে চলা এই বিশাল সংস্কার শেষ হলে ‘মান্নাত’ শুধু নতুন সাজেই ফিরবে না, বরং শাহরুখের বহুদিনের স্বপ্নের আরও আধুনিক রূপ পাবে। আর সেই নতুন ‘মান্নাত’-এ কিং খানের প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন তার অগণিত ভক্ত।