বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান আবারও সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছেন। গত বছর প্রথমবারের মতো বিলিয়নিয়ার তালিকায় জায়গা পাওয়ার পর এবার বিশ্বের ধনীদের তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।
সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬-এ নতুন ভারতীয় ধনী হিসেবে উঠে এসেছে শাহরুখ খানের নাম। বর্তমানে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০ হাজার ৮০০ কোটি রুপি) নিট সম্পদ নিয়ে তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতার মর্যাদা পেয়েছেন।
৫ মার্চ প্রকাশিত এই তালিকায় শাহরুখের অন্তর্ভুক্তিকে বিনোদন জগতের তারকাদের জন্য একটি উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তালিকায় তার সঙ্গে রয়েছেন সংগীত জগতের তারকা জে-জি (২ দশমিক ৮ বিলিয়ন ডলার), টেলর সুইফট (১ দশমিক ৬ বিলিয়ন ডলার) এবং রিহানা (১ দশমিক ৫ বিলিয়ন ডলার)। আর বিনোদন জগতের ধনীদের মধ্যে শীর্ষে রয়েছেন নির্মাতা জর্জ লুকাস, যার সম্পদের পরিমাণ প্রায় ৭ দশমিক ৬ বিলিয়ন ডলার।
যদিও ২০২৫ সালের তুলনায় শাহরুখ খানের মোট সম্পদ কিছুটা কমেছে। গত বছর তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। তবুও ভারতের ধনীদের তালিকায় তার অবস্থান এখনো উজ্জ্বল।
শাহরুখ খানের বিপুল সম্পদের পেছনে শুধু অভিনয় নয়, রয়েছে শক্তিশালী ব্যবসায়িক সাম্রাজ্যও। তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট বর্তমানে ভারতের অন্যতম সফল প্রযোজনা সংস্থা হিসেবে পরিচিত।
এ ছাড়া তার আয়ের আরেকটি বড় উৎস হলো আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক তিনি। বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগেও তার ব্যবসায়িক সম্পৃক্ততা রয়েছে, যা তাকে আর্থিকভাবে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে।
বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা থেকেও বিপুল আয় করেন শাহরুখ খান। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি নিজেকে শুধু অভিনেতা হিসেবেই নয়, বরং একটি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন।
অন্যদিকে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। নতুন সিনেমা কিংএ অভিনয় করবেন শাহরুখ। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার মেয়ে সুহানা খান-এর।
২০২৬ সালের বড়দিনে মুক্তির পরিকল্পনা থাকা এই ছবিতে আরও অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন এবং অনিল কাপুর।