বিশ্বকাপ ফুটবল মানেই মাঠের লড়াইয়ের পাশাপাশি সমর্থকদের হাসি-ঠাট্টা আর খুনসুটি। সেই উন্মাদনা থেকে বাদ যাচ্ছেন না শোবিজ তারকারাও। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে জমে উঠেছে চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মজার বাকযুদ্ধ।

ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর ফেসবুকে ওমর সানীকে ট্যাগ করে একটি রসাত্মক পোস্ট করেন শাহরিয়ার নাজিম জয়। সেখানে তিনি লেখেন, “আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না। একদম অরিজিনাল।”

পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই হাজারো মানুষ পোস্টটিতে প্রতিক্রিয়া জানান এবং মন্তব্যে যোগ দেন। ভক্তদের অনেকেই দুই তারকার এই হাস্যরসাত্মক খুনসুটিকে বেশ উপভোগ করছেন।

মূলত এই ‘চাবুক’ প্রসঙ্গের শুরু কয়েকদিন আগেই। ব্রাজিলের সমর্থক ওমর সানী ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে একটি ভিডিও বক্তব্য দেওয়ার পর সেটিকে কেন্দ্র করে রসিকতা করেন শাহরিয়ার নাজিম জয়। এর জবাবে ওমর সানী ফেসবুকে মজা করে লিখেছিলেন, জয়কে মারার জন্য তিনি একটি ‘অরিজিনাল চাবুক’ অর্ডার দিয়েছেন।

সেই পুরোনো প্রসঙ্গই আবার সামনে এনে আর্জেন্টিনার জয়ের পর নতুন করে খোঁচা দেন জয়। তার পোস্টের ভাষা অনুযায়ী, আর্জেন্টিনার গোলগুলো ছিল ঠিক সেই ‘অরিজিনাল চাবুকের’ মতোই জোরালো ও কার্যকর, যা প্রতিপক্ষকে কাবু করে দিয়েছে।

জয়ের এই পোস্ট ঘিরে মন্তব্যের ঘরেও শুরু হয় মজার আলোচনা। একজন নেটিজেন লিখেছেন, “এই পোস্টের পরে কি ওমর সানী আবারও আপনাকে আসল চাবুকের ভয় দেখাবেন?” একই ধরনের রসিক মন্তব্য করেছেন আরও অনেকেই।

বিশ্বকাপ ফুটবল ঘিরে তারকাদের এমন খুনসুটি ও বাকযুদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিনোদনের খোরাক জুগিয়েছে। মাঠের উত্তেজনার পাশাপাশি এই ধরনের মজার পোস্টও ফুটবলপ্রেমীদের আনন্দকে আরও বাড়িয়ে তুলছে।