দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে বুবলী জানান, গত ১১ মে তাদের পরিবারে একটি কন্যাসন্তানের জন্ম হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান। একই সঙ্গে এই আনন্দঘন মুহূর্তে শুভকামনা ও দোয়া জানানো সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পোস্টে বুবলী লেখেন, মহান আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন ঘটেছে। মেয়ের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনাও করেন তিনি।

এর আগে বেশ কিছুদিন ধরেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে অভিনয় ও গণমাধ্যম থেকেও অনেকটা দূরে ছিলেন তিনি।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের ছেলে শেহজাদ খান বীর। ২০২২ সালে বিয়ে ও সন্তানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন এই দুই তারকা। এবার কন্যাসন্তানের জন্মের খবরও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তারা।