একসময় বড় পর্দায় ছিলেন চাচা-ভাতিজি। ‘চাচ্চু’ সিনেমায় শাকিব খানের সঙ্গে শিশু দীঘির সেই জুটি এখনো দর্শকের মনে গেঁথে আছে। সময়ের ব্যবধানে দীঘি এখন বড় হয়েছেন, অভিনয় করছেন নায়িকা হিসেবেও। এবার দূর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শাকিব খানের সঙ্গে দেখা হলো তাঁর। একসঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেই পুরোনো দিনের স্মৃতিতে ফিরে গেলেন ভক্তরা।

শনিবার (১০ অক্টোবর) নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে অংশ নেন শাকিব খান ও প্রার্থনা ফারদিন দীঘি। অনুষ্ঠানের ফাঁকে দুজন ক্যামেরাবন্দী হন। পরে ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন দীঘি। ক্যাপশনে লেখেন একটি শব্দ, ‘মেগাস্টার’।

ছবিতে কালো শার্ট, ব্লেজার ও সানগ্লাসে দেখা গেছে শাকিব খানকে। অন্যদিকে নীল-সোনালি নকশার পোশাকে ছিলেন দীঘি। ছবিটি প্রকাশের পরপরই তাঁদের একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন নেটিজেনরা।

কেউ মন্তব্য করেছেন, ‘চাচার সঙ্গে নিউইয়র্ক ঘুরতে গেলে নাকি?’ আবার কেউ দুজনকে একসঙ্গে নতুন কোনো সিনেমায় দেখার আগ্রহ জানিয়েছেন। একজন লিখেছেন, ‘একসঙ্গে জুটি হিসেবে দেখতে চাই।’ অনেকে দুজনের সাজপোশাকের প্রশংসাও করেছেন। পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই ছবিটিতে পাঁচ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে, মন্তব্য আসে প্রায় আড়াইশ।

২০০৬ সালে মুক্তি পাওয়া এফ আই মানিক পরিচালিত ‘চাচ্চু’ সিনেমায় জুঁই চরিত্রে অভিনয় করেছিলেন দীঘি। ছবিতে শাকিব খান ছিলেন তাঁর চাচার ভূমিকায়। পারিবারিক গল্প ও হাস্যরসনির্ভর সিনেমাটি দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছিল। শাকিব খান, অপু বিশ্বাস ও ডিপজলের অভিনয়ের পাশাপাশি শিশু দীঘির উপস্থিতিও ছবিটির অন্যতম আকর্ষণ ছিল।

শিশুশিল্পী হিসেবে দীঘির ক্যারিয়ার ছিল বেশ সমৃদ্ধ। শূন্য দশকে একাধিক সিনেমায় অভিনয় করেন তিনি, যার অনেকগুলোতেই সহশিল্পী ছিলেন শাকিব খান। ‘চাচ্চু’ ছাড়াও তাঁদের একসঙ্গে দেখা গেছে ‘দাদীমা’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘১ টাকার বউ’ ও ‘তোর কারণে বেঁচে আছি’ সিনেমায়।

একসময় পর্দার চাচা-ভাতিজি হিসেবে দর্শকের ভালোবাসা পাওয়া শাকিব ও দীঘির নিউইয়র্কের এই ছবি তাই ভক্তদের কাছে হয়ে উঠেছে পুরোনো স্মৃতি ফিরে দেখার উপলক্ষ। পাশাপাশি দুজনকে আবারও একসঙ্গে পর্দায় দেখার প্রত্যাশাও জানিয়েছেন অনেকে।