শাকিব খান ও ইধিকা পাল পর্দায় এই জুটির রসায়ন ইতোমধ্যেই দর্শকের কাছে বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই জুটিকে।

মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘নিঃস্ব’-তে শাকিব খানের বিপরীতে ইধিকা পালকে চূড়ান্ত করা হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। যদিও নির্মাতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্টদের ভাষ্য, এনাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে ‘নিঃস্ব’-এর নায়িকা হিসেবে ইধিকা পালের নাম বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল। পাশাপাশি সামাজিক মাধ্যমে সাবিলা নূরের নামও উঠে আসে। তবে একাধিক সূত্রের দাবি, শেষ পর্যন্ত ইধিকাকেই শাকিবের বিপরীতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে সিনেমাটির শুটিং শুরু হবে। ‘নিঃস্ব’ নির্মিত হবে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে।

২০২৩ সালে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় ইধিকার। প্রথম সিনেমাতেই শাকিব খানের বিপরীতে অভিনয় করে দুই বাংলার দর্শকের নজর কাড়েন তিনি। এরপর ‘বরবাদ’ সিনেমাতেও শাকিবের সঙ্গে জুটি বাঁধেন এই অভিনেত্রী। এবার ‘নিঃস্ব’-এর মাধ্যমে তৃতীয়বারের মতো একসঙ্গে দেখা যাবে তাঁদের।

এদিকে পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এও অভিনয় করছেন ইধিকা। সিনেমাটিতে বিশেষ একটি চরিত্রের জন্য তাঁকে ক্রিকেটের প্রশিক্ষণ নিতে হচ্ছে।