ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে রূপালি পর্দা কিংবা ব্যক্তিজীবন সবখানেই আলোচনা-সমালোচনার পারদ সবসময় তুঙ্গে থাকে। তবে সব জল্পনা-কল্পনাকে পেছনে ফেলে শাকিব ভক্তদের জন্য এবার এলো এক বড় ধামাকা। দীর্ঘ সাত বছর ধরে নানা জটিলতায় আটকে থাকার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আগুন’। সব বাধা পেরিয়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জোর প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন এর নির্মাতা বদিউল আলম খোকন।
২০১৯ সালের ৫ আগস্ট জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘আগুন’ সিনেমার শুটিং শুরু হয়েছিল। তবে মাত্র দুই মাস পরেই অজানা কারণে থমকে যায় এর নির্মাণকাজ। পরবর্তীতে ২০২২ সালে সিনেমার বাকি অংশের শুটিং শেষ করা হলেও পোস্ট-প্রোডাকশনের ডাবিং, এডিটিং ও কালার গ্রেডিংয়ের বিভিন্ন ধাপে আটকে যায় সিনেমাটি। সেই থেকে নানা কারিগরি ও প্রযোজনা সংক্রান্ত জটিলতায় আলোর মুখ দেখেনি এই বিগ বাজেট প্রজেক্ট। তবে এবার সব অন্ধকার কেটে সিনেমাটির চূড়ান্ত মুক্তির তোড়জোড় শুরু হয়েছে।
সিনেমা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে ‘আগুন’-এর সম্পাদনা ও অন্যান্য কারিগরি কাজ শেষ করার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। এ প্রসঙ্গে পরিচালক বদিউল আলম খোকন বলেন, "সিনেমার বাকি কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। আমি চাইছি আগামী দুর্গাপূজাতেই 'আগুন' মুক্তি পাক। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ এগিয়ে নিচ্ছি।"
দেশ বাংলা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমায় শাকিব খানের বিপরীতে জুটি বেঁধেছেন নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু। এছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে মিশা সওদাগর, সুচরিতা ও আফজাল শরীফের মতো জনপ্রিয় তারকাদের। দীর্ঘ প্রতীক্ষার পর শাকিবের এই নতুন সিনেমা রুপালি পর্দায় কতটা আগুন জ্বালাতে পারে, এখন সেটাই দেখার বিষয়।