ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর আজ ৩০তম মৃত্যুবার্ষিকী। এদিন গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করেছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের পক্ষ থেকে সালমান শাহকে স্মরণ করে একটি ফটোকার্ড প্রকাশ করেছেন তিনি।

ফটোকার্ডে লেখা হয়েছে, ‘শান্তিতে থাকুন অমর নায়ক সালমান শাহ।’ এর মাধ্যমে নব্বই দশকের জনপ্রিয় এই নায়কের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন শাকিব খান।

স্বল্প সময়ের ক্যারিয়ারেই সালমান শাহ বাংলা চলচ্চিত্রে যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তা আজও অনন্য। নব্বইয়ের দশকে ঢাকাই সিনেমায় নতুন ধরনের তারকা ইমেজ তৈরি করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি পোশাক, চুলের স্টাইল ও ফ্যাশনেও তরুণদের কাছে হয়ে উঠেছিলেন স্টাইল আইকন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার অকালমৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছিল শোকের ছায়া। তবে তিন দশক পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

সময়ের সঙ্গে নতুন প্রজন্মের কাছেও সালমান শাহর সিনেমা, অভিনয় ও ফ্যাশন নতুন করে আগ্রহ তৈরি করছে। তার অভিনীত সিনেমাগুলো এখনো দর্শকের কাছে নস্টালজিয়ার বড় অংশ হয়ে আছে।