আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা কাঁপাতে নতুন লুকে ফিরছেন ঢালিউড কিং শাকিব খান। সম্প্রতি মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমার টিজার রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় শাকিবকে যে অবতারে দেখা গেছে, তা আগে কখনও দেখা যায়নি। লম্বা চুল, চোখে সানগ্লাস এবং হাতে বিশাল এক ‘মিনিগান’ নিয়ে টিজারে শাকিবের এন্ট্রি যেন আধুনিক অ্যাকশন সিনেমার সংজ্ঞাই বদলে দিয়েছে। টিজারটি শুরু হয় ঢাকার অন্ধকার জগতের বর্ণনা দিয়ে, যেখানে গম্ভীর ভয়েসওভারে শাকিবকে বলতে শোনা যায়, ‘ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, কিছু থাকে নেকড়ে... ভয়ংকর।’

আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমার কারিগরি দক্ষতা আন্তর্জাতিক মানের। বিশেষ করে ভারতের ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’ খ্যাত প্রখ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায়ের ক্যামেরার কারিশমা টিজারজুড়েই দৃশ্যমান। ডার্ক টোনের সাথে নিওন লাইটিংয়ের ব্যবহার এবং নিখুঁত অ্যাকশন কোরিওগ্রাফি আন্ডারওয়ার্ল্ডের আবহকে সার্থকভাবে ফুটিয়ে তুলেছে। টিজারের ক্লাইম্যাক্সে স্টাইলাইজড মিনিগান দিয়ে গোলার বৃষ্টি, গাড়ি উড়ে যাওয়া আর আগুনের লেলিহান শিখা দর্শকদের রুদ্ধশ্বাস উত্তেজনা উপহার দিয়েছে। টিজারের শেষ সংলাপটি ছিল আরও কিলার, ‘আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। নামটা মনে রেখো... প্রিন্স।’

‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে দুই লাস্যময়ী অভিনেত্রীকে। দেশের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের পাশাপাশি থাকছেন কলকাতার জ্যোতির্ময়ী। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস প্রযোজিত এই ছবিটি ঈদের বাজারে অন্যান্য সিনেমার জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে বলে ধারণা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অ্যাকশন, ড্রামা আর শাকিবের স্টাইলিশ লুক, সব মিলিয়ে ‘প্রিন্স’ নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে।