রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার Shakib Khan। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শাকিব খান লিখেছেন, একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা নয়, এটি পুরো সমাজের বেদনা। রামিসার সঙ্গে ঘটে যাওয়া এই নৃশংসতা দেশের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এই অভিনেতা বলেন, এমন অপরাধের ক্ষেত্রে দ্রুত, স্বচ্ছ ও কঠোর বিচার নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। বিচার বিলম্ব হলে ভুক্তভোগী পরিবারের কষ্ট আরও দীর্ঘ হয় বলেও উল্লেখ করেন তিনি।

শাকিব খান আরও বলেন, এখন সময় আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার, যাতে আর কোনো শিশুকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়।

উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এ ঘটনার বিচার দাবি করছেন।

ইতোমধ্যে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার রাতে রামিসার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন Tarique Rahman। একই সঙ্গে দ্রুত চার্জশিট দাখিল এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।