ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। মালয়েশিয়া অংশের শুটিং শেষ করে এবার শুরু হচ্ছে ছবিটির দ্বিতীয় ধাপ। আগামী ১৮ এপ্রিল থেকে ঢাকায় শুরু হতে যাওয়া এই শুটিংয়ে অংশ নেবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খ্যাত তানজিয়া জামান মিথিলা। তবে ক্যামেরার সামনে দাঁড়ানোর আগেই নতুন এক খবরের শিরোনাম হলেন এই গ্ল্যামারাস অভিনেত্রী।

শুটিংয়ে নামার ঠিক আগমুহূর্তে একটি বহুজাতিক ডেন্টাল ও এস্থেটিক সেবা দানকারী প্রতিষ্ঠান ‘ওয়েলনেস স্টুডিও এস্থেটিক অ্যান্ড ডেন্টাল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বনানীর ১১ নম্বর রোডের কনকর্ড এমবি টাওয়ারে অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসিয়াল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির আধুনিক প্রযুক্তি ও উন্নত সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন মিথিলা।

নিজের নতুন এই যাত্রা নিয়ে মিথিলা বলেন:

“উন্নত যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান ভবিষ্যতে গ্রাহকদের পূর্ণ আস্থা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি।”

এদিকে শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করা নিয়ে উচ্ছ্বসিত মিথিলা। থাইল্যান্ডের ব্যাংককে থাকাকালীন সিনেমাটির প্রস্তাব পান তিনি। ‘রকস্টার’ নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন:

“এটি শাকিব খানের সঙ্গে আমার প্রথম কাজ। দেশে ফিরে গল্প শোনার পর কাজটির সঙ্গে যুক্ত হই। দেশের শীর্ষ তারকার সঙ্গে এই কাজ আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস।”

পরিচালক ও সংশ্লিষ্টদের মতে, মিথিলার গ্ল্যামার ও অভিনয়ের সংমিশ্রণ ‘রকস্টার’ সিনেমায় দর্শকদের জন্য নতুন এক অভিজ্ঞতা নিয়ে আসবে।