ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’ প্রত্যাশা অনুযায়ী সাফল্য পাচ্ছে না বলে আলোচনা চলছে চলচ্চিত্র অঙ্গনে। মুক্তির পর দর্শকদের আগ্রহ থাকলেও বক্স অফিসে সিনেমাটির গতি আশানুরূপ নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ সিনেমাও প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি। তাই ‘রকস্টার’ ঘিরে দর্শক ও প্রযোজকদের প্রত্যাশা ছিল অনেক বেশি। তবে মুক্তির পর সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে মিউজিক্যাল ঘরানার সিনেমা হওয়া সত্ত্বেও এর কোনো গান দর্শকমহলে তেমন সাড়া ফেলতে পারেনি বলে মত দিয়েছেন অনেকে।
এরই মধ্যে সিনেমাটির জন্য এসেছে আরও বড় ধাক্কা। মুক্তির এক সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই ‘রকস্টার’ পাইরেসির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটির পূর্ণাঙ্গ কপি ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও স্ক্রিনশট থেকে দেখা যাচ্ছে, কয়েকটি গ্রুপ ও অননুমোদিত লিংকের মাধ্যমে সিনেমাটি শেয়ার করা হচ্ছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কারণ, পাইরেসির কারণে প্রেক্ষাগৃহে দর্শকসংখ্যা কমে যাওয়ার পাশাপাশি একটি সিনেমার আর্থিক ক্ষতির আশঙ্কাও বেড়ে যায়।
উল্লেখ্য, এটি শাকিব খানের সিনেমার ক্ষেত্রে প্রথম নয়। এর আগে তার অভিনীত ‘প্রিন্স’, ‘বরবাদ’ এবং ‘তাণ্ডব’ সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমাও পাইরেসির শিকার হয়েছিল।
তবে ‘রকস্টার’ পাইরেসির ঘটনায় এখন পর্যন্ত পরিচালক আজমন রুশো কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আজমন রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, আহমেদ হাসান সানি, জাহিদ নিরব, পান্থ কানাই, কাজী সাবির, রোজী সিদ্দিকী এবং দিলারা জামান।
সিনেমাটির বক্স অফিস যাত্রা এখনও চলমান। তবে পাইরেসির এই ঘটনা ‘রকস্টার’-এর ব্যবসায়িক সম্ভাবনার ওপর কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।