আসন্ন ঈদুল আজহায় বড় পর্দায় আসছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’। মুক্তির দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহও বাড়ছে। সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে সদ্য প্রকাশিত দ্বিতীয় টিজার।
নতুন এই টিজারে ভিন্ন এক রূপে হাজির হয়েছেন শাকিব খান। এবার শুধু একজন নয়, একসঙ্গে তিন নায়িকার সঙ্গে রোমান্টিক রসায়নে দেখা গেছে তাকে। শাকিবের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর, মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক।
টিজারে উঠে এসেছে এক রকস্টারের ঝলমলে জীবন, যার চারপাশে ঘিরে রয়েছে রহস্য, আবেগ ও সম্পর্কের জটিলতা। তিন ভিন্ন স্বভাব ও উপস্থিতির নারী চরিত্রকে কেন্দ্র করে গল্পে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
সামাজিক যোগাযোগমাধ্যমে টিজারটি শেয়ার করে একটি আবেগঘন ক্যাপশনও দিয়েছেন শাকিব। সেখানে লেখা হয়েছে, “আগুন যত উজ্জ্বল হয়, তার অন্ধকারও তত গভীর হয়। তবুও গভীর অন্ধকারের মাঝেও ভালোবাসার ফুল ফুটবার পথ খুঁজে নেয়।”
‘নো ওয়ান লাভস মি’ গানের ব্যাকগ্রাউন্ড স্কোরে নির্মিত টিজারটি ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। অনেকে বলছেন, এতে শুধু রোমান্স নয়, একজন তারকার সাফল্যের আড়ালের চাপ, মানসিক দ্বন্দ্ব ও আবেগঘন যাত্রার ইঙ্গিতও মিলেছে।
তিন নায়িকার উপস্থিতি আর রহস্যময় গল্পের আভাসে এখন দর্শকদের মনে একটাই প্রশ্ন এই রকস্টারের জীবনে শেষ পর্যন্ত কী ঘটতে যাচ্ছে? সেই উত্তর মিলবে সিনেমা মুক্তির পরই।