তারকাদের সম্মান জানাতে ব্যতিক্রমী আয়োজনের জন্য বরাবরই আলোচনায় থাকে চ্যানেল আই। এবার সেই ধারাবাহিকতায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাতে তুলে দেওয়া হলো প্রায় কোটি টাকার একটি বিলাসবহুল রোলেক্স ঘড়ি, যা নিয়ে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
শনিবার (১৩ জুন) বৃষ্টিভেজা দুপুরে চ্যানেল আইয়ের স্টুডিওতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খান। অনুষ্ঠানে তাকে সম্মাননা জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় তিনি শাকিব খানের হাতে রোজ গোল্ড সংস্করণের একটি রোলেক্স ঘড়ি তুলে দেন। জানা গেছে, ঘড়িটির মূল্য প্রায় ৭১ লাখ ৯৭ হাজার টাকা।
এত মূল্যবান উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শাকিব খান। তিনি জানান, কয়েক দিন ধরেই এমন একটি ঘড়ি কেনার কথা ভাবছিলেন। কিন্তু তার আগেই সেটি উপহার হিসেবে পেয়ে যাওয়ায় তিনি বিস্মিত ও আনন্দিত।
প্রতিক্রিয়ায় শাকিব খান বলেন, ‘আমি কখনো ভাবিনি একজন মানুষ আরেকজনকে কিংবা একজন শিল্পীকে এত মূল্যবান উপহার দিতে পারেন। এটা সত্যিই সাগর ভাইয়ের পক্ষেই সম্ভব।’
তিনি আরও বলেন, ‘শিল্পীদের দুঃসময়ে পাশে দাঁড়ানো, চিকিৎসা সহায়তা দেওয়া কিংবা বিভিন্ন সংকটে সহযোগিতা করার ক্ষেত্রে চ্যানেল আইকে সবসময় এগিয়ে আসতে দেখেছি। শিল্পীদের সম্মান জানানোর ক্ষেত্রেও তারা ব্যতিক্রমী ভূমিকা পালন করে আসছে।’
দামি এই উপহারকে নিজের জীবনের বিশেষ স্মৃতি হিসেবে উল্লেখ করে শাকিব বলেন, ‘এই ঘড়িটি এখন আমার কাছে অমূল্য সম্পদ হয়ে গেছে। এর সঙ্গে যে ভালোবাসা, সম্মান ও আন্তরিকতা জড়িয়ে আছে, সেটিই সবচেয়ে বড় বিষয়। আমি চাই এই উপহারটি সারা জীবন আমার সংগ্রহে থাকুক। এই মুহূর্তটিকে আমি সবসময় স্মরণীয় করে রাখতে চাই।’
উল্লেখ্য, এর আগেও চ্যানেল আইয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা হিসেবে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে একটি স্বর্ণের কলস উপহার দেওয়া হয়েছিল। সেই সময় অপু বিশ্বাসও এটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম আবেগঘন ও মূল্যবান প্রাপ্তি বলে উল্লেখ করেছিলেন।
তারকাদের প্রতি এমন সম্মান ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে চ্যানেল আই আবারও প্রমাণ করল, শিল্পীদের অবদানকে বিশেষভাবে মূল্যায়ন করতে তারা সবসময়ই ভিন্নধর্মী উদ্যোগ নিতে প্রস্তুত।