আসন্ন ঈদুল আযহা মাতাতে শাকিব খান ফিরছেন তার নতুন সিনেমা 'রকস্টার' নিয়ে। মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই শোবিজ পাড়ায় নানা জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে জানা গেল, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আবারও জুটি বাঁধছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের একটি ঘনিষ্ঠ সূত্র খবরটি নিশ্চিত করেছে।
এর আগে শাকিব খানের সঙ্গে 'তাণ্ডব' সিনেমায় কাজ করেছিলেন সাবিলা। সেই হিসেবে 'রকস্টার'-এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো বড় পর্দায় ফিরছে এই জুটি। পরিচালক আজমান রুশো জানিয়েছেন, দেশীয় প্রেক্ষাপটে সিনেমার গল্প হওয়ায় তারা দেশেরই একজন অভিনেত্রীকে চেয়েছিলেন। যদিও প্রথমে নতুন কোনো মুখ নেওয়ার কথা ভাবা হয়েছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে পরিচিত এবং পরীক্ষিত মুখ হিসেবে সাবিলা নূরকেই গত বুধবার চূড়ান্ত করা হয়েছে।
জানা গেছে, 'রকস্টার' মূলত একটি রোমান্টিক মিউজিক্যাল ঘরানার সিনেমা। এখানে অ্যাকশন দৃশ্য থাকবে খুবই কম। সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে মালয়েশিয়ায়। আগামী ২২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সেখানে টানা শুটিং চলবে। এরপর দেশে ফিরে ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমার দৃশ্যধারণ করা হবে। শাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি এই সিনেমায় তানজিয়া জামান মিথিলাসহ আরও অনেক গুণী অভিনয়শিল্পীকে দেখা যাবে।