বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করা কলম্বিয়ান পপ তারকা শাকিরা শুধু কণ্ঠ কিংবা নাচের জন্যই নন, তার উজ্জ্বল ত্বক ও প্রাণবন্ত উপস্থিতির জন্যও সমানভাবে প্রশংসিত। দীর্ঘ সময় মঞ্চে পারফর্ম করার পরও কীভাবে নিজেকে সতেজ রাখেন, সেই রহস্যই এবার তুলে ধরেছেন তিনি।
শাকিরার মতে, স্টেজে ওঠার আগে ত্বক প্রস্তুত করার কাজটি তিনি নিজেই করতে পছন্দ করেন। তার রুটিনের প্রথম ধাপে থাকে রেড লাইট থেরাপি, যা ত্বকের প্রদাহ কমাতে সহায়তা করে। একটি টিকটক ভিডিওতে তিনি দেখিয়েছেন, কীভাবে ওয়্যারলেস রেড লাইট ডিভাইস ব্যবহার করে পারফরম্যান্সের আগে ত্বককে প্রস্তুত করেন।
এরপর তিনি ব্যবহার করেন ফেশিয়াল গুয়া শা, যা লিম্ফ্যাটিক ড্রেনেজে সহায়তা করে। এই পদ্ধতিতে মুখের ফোলাভাব কমে এবং অতিরিক্ত তরল বের হয়ে যায়। মজার বিষয় হলো, ভোকাল ওয়ার্ম-আপ করার সময়ও তিনি একই সঙ্গে গুয়া শা ব্যবহার করেন, ফলে একসঙ্গে দুটি কাজই সম্পন্ন হয়।
ত্বকের পরিচর্যা শেষে শুরু হয় মেকআপ। স্বাভাবিক ও মসৃণ লুকের জন্য তিনি ফাউন্ডেশন, চোখকে আরও আকর্ষণীয় করে তুলতে আইশ্যাডো, বোল্ড লুকের জন্য লিপস্টিক এবং সবশেষে মেকআপ দীর্ঘস্থায়ী করতে সেটিং স্প্রে ব্যবহার করেন। পারফরম্যান্সের আগে নিজের পছন্দের সুগন্ধিও ব্যবহার করতে ভুলেন না তিনি। এ সময় তার হেয়ারস্টাইলিস্ট শাকিরার পরিচিত ঢেউখেলানো চুলের স্টাইল সম্পন্ন করেন।
ত্বকের যত্নের পাশাপাশি ফিটনেসেও সমান গুরুত্ব দেন শাকিরা। নিয়মিত নাচের অনুশীলনের পাশাপাশি তিনি ডেডলিফট, হিপ থ্রাস্টস এবং হাতের শক্তি বাড়ানোর বিভিন্ন ব্যায়াম করেন। এসব অনুশীলন দীর্ঘ সময় মঞ্চে পারফর্ম করার জন্য প্রয়োজনীয় শক্তি, ভারসাম্য ও সহনশীলতা গড়ে তুলতে সাহায্য করে।
এ ছাড়া শরীরের দ্রুত পুনরুদ্ধারের জন্য সুযোগ পেলেই কয়েক মিনিট নিজে নিজে ম্যাসাজ করেন বলে জানিয়েছেন এই শিল্পী। তার মতে, কঠোর অনুশীলনের মতো বিশ্রাম ও পুনরুদ্ধারও সমান গুরুত্বপূর্ণ।
মঞ্চে ওঠার ঠিক আগে প্রায় ১০ মিনিট ভোকাল ওয়ার্ম-আপ করেন শাকিরা। এরপর আয়নায় নিজেকে শেষবারের মতো দেখে সবকিছু ঠিক আছে কি না নিশ্চিত হয়ে তবেই দর্শকদের সামনে হাজির হন।
শাকিরার বিশ্বাস, সুন্দর দেখানো বা আত্মবিশ্বাসী অনুভব করার জন্য শুধু দামি প্রসাধনী বা বড় গ্ল্যাম টিমের প্রয়োজন হয় না। নিয়মিত স্কিনকেয়ার, স্বাস্থ্যকর জীবনযাপন, ধারাবাহিক ব্যায়াম এবং নিজের প্রতি যত্নই একজন শিল্পীকে দীর্ঘ সময় সেরা পারফরম্যান্স দিতে সহায়তা করে।