বলিউড অভিনেত্রী শেহনাজ গিল ও অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়ালকে ঘিরে আবারও প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি একটি জন্মদিনের পার্টি থেকে বের হওয়ার সময় দুজনকে একসঙ্গে দেখা যায়। ভিড়ের মধ্যে রাঘবকে শেহনাজকে নিরাপদে এগিয়ে নিতে দেখা যায় এবং এক পর্যায়ে শেহনাজকে তাঁর কাঁধে ভর দিয়ে হাঁটতেও দেখা যায়। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে শুরু হয়েছে আলোচনা।

তবে সম্পর্ক নিয়ে চলা জল্পনা নিয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি শেহনাজ গিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন না করার অনুরোধ জানান। এরপর তিনি কথোপকথনের বিষয় ঘুরিয়ে দেন রাঘব জুয়ালের নতুন সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’-এর দিকে।

সিনেমাটির প্রচারণা করতে গিয়ে শেহনাজ বলেন, রাঘব তাঁর খুব ভালো বন্ধু এবং নায়ক হিসেবে বড় পর্দায় এটি তাঁর গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দর্শকদের ছবিটি দেখার এবং সমর্থন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাঘব নিজের পরিশ্রমের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে জায়গা তৈরি করেছেন। তাই তাঁর নতুন সিনেমার সফলতা গুরুত্বপূর্ণ।

শেহনাজ আরও বলেন, ‘ও আমার খুব ভালো বন্ধু। ওর সিনেমা সফল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। নায়ক হিসেবে প্রথমবার বড় পর্দায় আসছে। তাই সবাই সিনেমাটি সমর্থন করুন।’

শেহনাজ ও রাঘব প্রথমবার একসঙ্গে কাজ করেন ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের চলচ্চিত্র ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ। ছবিটির প্রচারণার সময় সালমান খান মজার ছলে তাদের নিয়ে মন্তব্য করেছিলেন। এরপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়।

তবে পরে রাঘব জুয়াল এসব গুঞ্জন নাকচ করে দেন। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, তাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। তাঁর ভাষ্য ছিল, সহ-অভিনেতাদের নিয়ে এমন গুঞ্জন নতুন কিছু নয়, কিন্তু বাস্তবে তারা সম্পর্কে নেই এবং তিনি তখনও সিঙ্গেল ছিলেন।

সাম্প্রতিক ভাইরাল ভিডিওর পর আবারও আলোচনায় এসেছে শেহনাজ-রাঘব জুটি। তবে এখন পর্যন্ত দুজনের কেউই প্রেমের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। বরং শেহনাজ প্রকাশ্যে রাঘবকে নিজের ঘনিষ্ঠ বন্ধু বলেই উল্লেখ করেছেন এবং তাঁর নতুন সিনেমার জন্য দর্শকদের সমর্থন চেয়েছেন।