যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘দেয়ালের দেশ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। আন্তর্জাতিক এই স্বীকৃতি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় বুবলী বলেন, ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে “দেয়ালের দেশ” সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত ও কৃতজ্ঞ। এই কৃতিত্ব শুধু আমার একার নয়, এই যাত্রার অংশ হওয়া প্রতিটি মানুষের। তিনি জানান, এই অর্জনের পেছনে পুরো টিমের সম্মিলিত পরিশ্রম, বিশ্বাস ও আন্তরিকতা রয়েছে।

পোস্টে পরিচালক মিশুক মনি, প্রযোজক, লেখক, সহশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ ও কস্টিউম টিমসহ পর্দার আড়ালের সব কলাকুশলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বুবলী। পাশাপাশি উৎসবের আয়োজক, পরিবার, বন্ধু এবং ক্যারিয়ারের শুরু থেকে যারা পাশে ছিলেন, তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

সবশেষে দর্শকদের উদ্দেশে ভালোবাসা জানিয়ে বুবলী বলেন, তাদের নিরন্তর সমর্থন ও ভালোবাসাই তাকে প্রতিনিয়ত আরও ভালো কাজ করার সাহস ও অনুপ্রেরণা দেয়। এই পুরস্কারকে তিনি যেমন আশীর্বাদ হিসেবে দেখছেন, তেমনি ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার প্রেরণাও বলে মনে করছেন। একই সঙ্গে আরও সুন্দর গল্প ও স্মরণীয় চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রত্যাশার কথাও জানান এই অভিনেত্রী।