শবনম বুবলী সম্প্রতি অভিনেতা শাকিব খান এর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি জানান, তাদের মধ্যে এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি। ফলে নতুন করে তার বিয়ের কোনো সম্ভাবনা আছে এমন ধারণা ঠিক নয়।

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে আয়োজিত পডকাস্ট বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে এ অতিথি হয়ে এসব কথা বলেন বুবলী। অনুষ্ঠানটির সঞ্চালক রুম্মান রশীদ খান জানতে চান, তিনি আবার কবে বিয়ের পরিকল্পনা করছেন।

প্রশ্নের জবাবে বুবলী সোজাসাপ্টা বলেন, তার ডিভোর্স হয়নি, তাই নতুন বিয়ের প্রসঙ্গ তোলার সুযোগ নেই। শাকিব খানের জন্য নতুন জীবনসঙ্গী খোঁজার গুঞ্জন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, এমন সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।

নিজের বৈবাহিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে এই অভিনেত্রী বলেন, একজন মানুষের ম্যারিটাল স্ট্যাটাস হয় বিবাহিত, ডিভোর্সড, আলাদা থাকা বা বিধবা ‘অতীত’ নামে কোনো আলাদা পরিচয় নেই।

শাকিব খানের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে বুবলী জানান, তাদের মধ্যে মান-অভিমান বা ভুল বোঝাবুঝি থাকতেই পারে, আবার সময়ের সঙ্গে সেগুলো মিটেও যায়। তিনি জোর দিয়ে পুনরায় বলেন, তাদের কখনো আনুষ্ঠানিক ডিভোর্স হয়নি এবং এ বিষয়ে বিভ্রান্তি থাকলে সেটি দূর করতেই তিনি বিষয়টি পরিষ্কার করেছেন।

পডকাস্টে ব্যক্তিগত জীবনের আরও নানা প্রসঙ্গ উঠে আসে। শাকিবের সঙ্গে সংসারের বর্তমান অবস্থা ছাড়াও নিজের প্রথম প্রেম ও শোবিজ অঙ্গনের বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা আলোচনা করেন বুবলী।