বিবাহবার্ষিকীর বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুললেন টালিউডের জনপ্রিয় দম্পতি শোভন গাঙ্গুলি ও সোহিনী সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের একাধিক ছবি প্রকাশ করে তারা জানিয়ে দিয়েছেন, খুব শিগগিরই তাদের পরিবারে আসছে নতুন সদস্য। এই ঘোষণার মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে, প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি।
২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই শোভন ও সোহিনীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তবে নিজেদের সম্পর্ক ও পারিবারিক বিষয়গুলো বরাবরই ব্যক্তিগত পরিসরেই রাখতে পছন্দ করেছেন তারা। গত কয়েক মাস ধরে সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি দুজনের কেউই।
এর মধ্যে বিভিন্ন অনুষ্ঠান ও জনসমাগমে সোহিনীর উপস্থিতি কমে যাওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়। সম্প্রতি একটি অনুষ্ঠানে বেবি বাম্প নিয়ে তার উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে তখনও নীরব ছিলেন এই দম্পতি।
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেদের বিবাহবার্ষিকীর দিন সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন শোভন ও সোহিনী। ছবিগুলোতে ধরা পড়ে তাদের ভালোবাসা, উচ্ছ্বাস এবং নতুন অতিথিকে ঘিরে অপেক্ষার আনন্দ। ছবির ক্যাপশনে তারা লেখেন, ‘দুই থেকে তিন’। সংক্ষিপ্ত এই বার্তাই ভক্তদের কাছে তাদের জীবনের নতুন অধ্যায়ের খবর পৌঁছে দেয়।
ছবি প্রকাশের পরপরই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। সহশিল্পী, নির্মাতা, সংগীতশিল্পী এবং অসংখ্য অনুরাগী তাদের অভিনন্দন জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, বিবাহবার্ষিকীর দিনে এমন সুখবরের চেয়ে সুন্দর উদযাপন আর হতে পারে না। প্রেম, বিয়ে এবং এবার সন্তানের আগমনের অপেক্ষা, সব মিলিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন শোভন গাঙ্গুলি ও সোহিনী সরকার।