দীর্ঘ তদন্ত ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাদক সংক্রান্ত মামলা থেকে অবশেষে মুক্তি পেলেন বলিউডের দুই জনপ্রিয় তারকা শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি। মুম্বাই পুলিশ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘ অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদের পর এই দুই অভিনেত্রীর বিরুদ্ধে মাদক চক্রের সাথে জড়িত থাকার কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। ফলে মামলাটি থেকে তাদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ঘটনার সূত্রপাত হয় ২০২২ সালের আগস্টে, যখন মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মোহাম্মদ সেলিম ওরফে সোহেল শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ মেফিড্রোনসহ গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের সময় ওই অভিযুক্ত দাবি করেছিলেন যে, তিনি বিনোদন জগতের বিভিন্ন পার্টিতে মাদক সরবরাহ করতেন। সেলিমের দেওয়া সেই তথ্যের ভিত্তিতেই ২০২৫ সালে তদন্তের পরিধি বাড়ানো হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহিকে তলব করা হয়। একই ঘটনায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি (ওরিহান আওয়াতরামানি), অভিনেতা সিদ্ধান্ত কাপুর এবং রাজনীতিবিদ জিশান সিদ্দিকীকেও জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।

মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে এবং একটি নতুন চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি চলছে। সেই চার্জশিটে কেবল মূল অভিযুক্তদের নাম থাকবে, তবে প্রমাণের অভাবে শ্রদ্ধা ও নোরার নাম সেখান থেকে বাদ দেওয়া হচ্ছে। পুলিশের এই ঘোষণায় দীর্ঘদিন ধরে চলা এক অস্বস্তিকর অধ্যায় থেকে মুক্তি পেলেন এই দুই তারকা, যা তাদের ভক্তদের মনেও স্বস্তি এনে দিয়েছে।