বলিউডের শীর্ষ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন শ্রদ্ধা কাপুর মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় একটি বিলাসবহুল বাড়ি ভাড়া নিয়েছেন। একাধিক নিজস্ব সম্পত্তি থাকা সত্ত্বেও নতুন এই ঠিকানাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চুক্তি অনুযায়ী, বাড়িটির জন্য তাকে প্রতি মাসে ৬ লাখ টাকা ভাড়া দিতে হবে। সে হিসেবে বছরে মোট ভাড়ার পরিমাণ দাঁড়াচ্ছে ৭২ লাখ টাকা। প্রায় ৩,৯২৯ বর্গফুট আয়তনের এই বাড়িতে চারটি গাড়ি রাখার সুবিধাও রয়েছে।

মুম্বাইয়ের জুহু এলাকা দীর্ঘদিন ধরেই তারকাদের পছন্দের আবাসস্থল। এখানে বসবাস করেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগন এবং হৃতিক রোশন-এর মতো তারকারা। সমুদ্রের কাছাকাছি অবস্থান, কড়া নিরাপত্তা এবং অভিজাত পরিবেশের জন্য এলাকাটি বিশেষভাবে পরিচিত।

বলিউড তারকাদের মধ্যে ভাড়া বাসায় থাকার প্রবণতা নতুন কিছু নয়। এর আগে ইমরান খান মাসে ৯ লাখ টাকা ভাড়ায় একটি ফ্ল্যাট নিয়েছিলেন। পাশাপাশি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন মাসে ৭ লাখ টাকা ভাড়ায় বাড়ি নেওয়ার খবরেও আলোচনায় এসেছিলেন।

কাজের ক্ষেত্রে শ্রদ্ধা বরাবরই বেছে চলেন। ২০২৪ সালে মুক্তি পাওয়া তার ছবি স্ত্রী ২ বক্স অফিসে দারুণ সাফল্য পায়। তবে সেই ছবির পর এখন পর্যন্ত তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি।