সম্প্রতি প্লেব্যাক ছাড়ার ইঙ্গিত দিয়ে আলোচনায় আসেন অরিজিৎ সিং। তার সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। তিনি জানিয়েছেন, ‘চিকনি চামেলি’র মতো শব্দচয়নসমৃদ্ধ গান আর গাইবেন না।

গত বছর এক সাক্ষাৎকারে শ্রেয়া বলেছিলেন, অনেক গানে নারীদের এমনভাবে উপস্থাপন করা হয়, যা তার কাছে অস্বস্তিকর। বিশেষ করে ছোটরা অর্থ না বুঝে সেসব গান গাইলে বিষয়টি তাকে ভাবায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে কিছু ব্যবহারকারী তার বক্তব্যের সমালোচনা করে বলেন, কনসার্টে তিনি নিজেই এ ধরনের গান পরিবেশন করেন।

সম্প্রতি রাজ শামানী-এর পডকাস্টে এসে এসব সমালোচনার জবাব দেন শ্রেয়া। তিনি জানান, এখন গান বাছাইয়ের ক্ষেত্রে অনেক বেশি সচেতন তিনি। তার ভাষায়, ‘চিকনি চামেলি’র মতো গান আর কখনো রেকর্ড করবেন না। এখন ভাবলে খারাপ লাগে যে এমন গান গেয়েছি।’

নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, গানটি গাওয়ার সময় তার বয়স ও অভিজ্ঞতা দুটোই কম ছিল। অনেক শব্দের গভীরতা তখন পুরোপুরি উপলব্ধি করতে পারেননি। সময়ের সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলেছে, তাই এখন আর এ ধরনের প্রস্তাবে রাজি নন।

শ্রেয়া আরও জানান, গানটি জনপ্রিয় হওয়ার পর তার কাছে একই ধরনের আরও অনেক গানের প্রস্তাব আসে। এমনকি পরিচিত সুরকার বন্ধুরাও অনুরোধ করেছিলেন। কিন্তু নিজের নীতিতে অটল থেকে সেসব প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছেন তিনি।