বাংলাদেশের সংগীতাঙ্গনের কালজয়ী প্রয়াত রক লিজেন্ড আইয়ুব বাচ্চুকে নিজের ‘গুরু’ হিসেবে মান্য করেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীতশিল্পী এস আই টুটুল। দীর্ঘদিন আইয়ুব বাচ্চুর প্রতিষ্ঠিত আইকনিক ব্যান্ড ‘এলআরবি’র সঙ্গে যুক্ত থেকে গানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসরত এই সংগীতশিল্পী গুরুর স্মরণে ও শ্রদ্ধায় আমেরিকায় সূচনা করেছেন নতুন ব্যান্ড ‘এবি কিং’।

গত ১৬ আগস্ট ছিল আইয়ুব বাচ্চুর জন্মদিন। বিশেষ এই দিনটিকেই স্মরণীয় করে রাখতে গুরুর নামে ব্যান্ডটি গঠনের সিদ্ধান্ত নেন টুটুল। আগামী ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হিউস্টনে ‘সোনার বাংলা ফাউন্ডেশন’ আয়োজিত এক কনসার্টের মাধ্যমে প্রথমবার মঞ্চে পারফর্ম করবে ‘এবি কিং’। ব্যান্ডটিতে এস আই টুটুল রয়েছেন কি-বোর্ড ও মূল কণ্ঠসংগীতে। অন্যান্য সদস্যদের মধ্যে ড্রামস ও কণ্ঠে নাফিজ আল আমিন, লিড গিটার ও কণ্ঠে ইফতেখার ইফতি এবং বেইস ও কণ্ঠে রয়েছেন আকাশ আহসান। ব্যান্ডের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকছেন ইশতিয়াক এ সিদ্দিকী।

ব্যান্ডের লক্ষ্য নিয়ে এস আই টুটুল জানান, আইয়ুব বাচ্চুর প্রতি গভীর ভালোবাসা ও আবেগ লালন করতেই এই প্রয়াস। ‘এবি কিং’ একটি মিউজিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে কেবল নিজস্ব নতুন গানই তৈরি করবে না, বরং আইয়ুব বাচ্চুসহ দেশের অন্যান্য কিংবদন্তি শিল্পীদের গানও নিয়মিত পরিবেশন করবে। এ বছরই আমেরিকার ভার্জিনিয়া ও নিউইয়র্কসহ একাধিক অঙ্গরাজ্যে কনসার্ট ট্যুরে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে নতুন এই ব্যান্ডের।