‘পোড়ামন ২’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ কিংবা ‘তাণ্ডব’ প্রতিটি সিনেমায় নায়কদের একদম আলাদা ছাঁচে উপস্থাপন করে চমক দিয়েছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। এবার তাঁর নতুন সিনেমা ‘আন্ধার’-এ এক সম্পূর্ণ ভিন্ন ধরনের গল্প ও চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। তাঁর এবারের গল্পের কেন্দ্রবিন্দু রহস্যের জট খোলা চরিত্র ‘দেলোয়ার’, যাতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। পরিচালক রাফীর মতে, শার্লক হোমস কিংবা ব্যাটম্যানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে একাই লড়বে এই দেলোয়ার।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে রাফী জানান, প্রচলিত প্রতিশোধপরায়ণ নায়কদের মতো নয় দেলোয়ার। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই তার মূল বৈশিষ্ট্য। কোনো ব্যক্তিগত লাভ বা প্রতিশোধের উদ্দেশ্যে নয়, স্রেফ বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াতেই সে অশুভ শক্তির মুখোমুখি হয়। দেলোয়ার চরিত্রে অন্য কাউকেই সিয়ামের বিকল্প ভাবা অসম্ভব বলে মনে করেন পরিচালক। তাঁর বিশ্বাস, নিজের শতভাগ দিয়ে চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন সিয়াম।
সিনেমাটিতে সিয়াম আহমেদ ছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, নাজিফা তুষি, গাজী রাকায়েত, মোস্তফা মন্ওয়ার, তানজিকা আমিন, ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতি। চলতি বছরের আগামী অক্টোবরে দুর্গোৎসব উপলক্ষে ‘আন্ধার’ সিনেমাটি বড় পর্দায় মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান।