দীর্ঘদিন ধরে ব্যক্তিজীবন নিয়ে খুব বেশি কথা বলেননি সিদ্ধার্থ নিগম। পর্দায় তাঁর রোমান্টিক চরিত্র দর্শকের আগ্রহ তৈরি করলেও সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছিল। তবে বাস্তব জীবনের প্রেমের গল্প এত দিন নিজের মধ্যেই রেখেছিলেন ভারতীয় এই তরুণ অভিনেতা। অবশেষে দুই বছর পর সেই গোপন অধ্যায়ের কথা প্রকাশ্যে আনলেন তিনি।

জন্মাষ্টমী উপলক্ষে ইনস্টাগ্রামে প্রেমিকা রিয়া ঠাক্কারের সঙ্গে ছবি প্রকাশ করে সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে জানান সিদ্ধার্থ। ছবির সঙ্গে দেওয়া দীর্ঘ আবেগঘন বার্তায় তিনি জানান, ২০২৪ সালে তাঁদের পরিচয় হয়। দুই অপরিচিত মানুষের সেই পরিচয় ধীরে ধীরে ভালোবাসার সম্পর্কে রূপ নেয়।

সিদ্ধার্থের ভাষায়, শুরুতে কোনো পরিকল্পনা ছিল না, ছিল না কোনো পূর্বলিখিত গল্পও। ছিল কেবল দুই মানুষের দেখা হওয়া। এরপর সাধারণ দিন, নীরব কথোপকথন, হাসি এবং একসঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়ে তৈরি হয় বিশেষ এক সম্পর্ক।

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে সিদ্ধার্থ লিখেছেন, ২০২৪ সালে তাঁরা ছিলেন দুই অপরিচিত মানুষ, যাঁদের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। সেই সাক্ষাৎ একদিন তাঁদের জীবনের এত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে, তা কেউ ভাবেননি।

তাঁদের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল গোপনীয়তা। দীর্ঘদিন প্রেমের সম্পর্কটি নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন তাঁরা। সিদ্ধার্থ জানান, তাঁরা নীরবে সম্পর্কটি উপভোগ করেছেন এবং সময়ের সঙ্গে সেটিকে নিজের মতো করে বেড়ে উঠতে দিয়েছেন।

পোস্টের শেষ দিকে আবেগঘন বার্তায় অভিনেতা জানান, কোনো একভাবে তাঁরা একে অপরকে খুঁজে পেয়েছেন। আর এই পাওয়ার জন্য তাঁরা সব সময় কৃতজ্ঞ থাকবেন।

ছবি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের সহকর্মীরাও নতুন এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক ভক্ত সিদ্ধার্থকে প্রশ্ন করেন, জীবনের নতুন অধ্যায় শুরু করে তাঁর কেমন অনুভূতি হচ্ছে। উত্তরে অভিনেতা লেখেন, ‘ঝাঁকুনি’, সঙ্গে দেন আবেগঘন ইমোজি। অর্থাৎ প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনার আনন্দের পাশাপাশি কিছুটা নার্ভাসনেসও কাজ করছে তাঁর মধ্যে।

সিদ্ধার্থ নিগমের ক্যারিয়ারও বেশ বৈচিত্র্যময়। অভিনয়ে আসার আগে তিনি ছিলেন জাতীয় পর্যায়ের জিমন্যাস্ট। খেলাধুলার সেই দক্ষতা পরবর্তী সময়ে অভিনয়জীবনেও কাজে এসেছে।

২০১৩ সালে যশ রাজ ফিল্মসের আলোচিত সিনেমা ‘ধুম ৩’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। এতে আমির খানের চরিত্রের ছোটবেলার রূপ, সাহির ও সমরের ভূমিকায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন সিদ্ধার্থ।

এরপর টেলিভিশনে একের পর এক জনপ্রিয় চরিত্রে দেখা যায় তাঁকে। ‘মহাকুম্ভ’, ‘চক্রবর্তীন অশোক সম্রাট’ ও ‘চন্দ্র নন্দিনী’র মতো ধারাবাহিক তাঁর পরিচিতি বাড়ায়। তবে ক্যারিয়ারের বড় মোড় আসে ‘আলাদিন নাম তো সুনা হোগা’ ধারাবাহিকের মাধ্যমে।

২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রচারিত এই ধারাবাহিকে আলাদিন চরিত্রে অভিনয় করে তরুণ দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। শিশুশিল্পীর পরিচয় পেরিয়ে তখন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় তরুণ মুখ হয়ে ওঠেন সিদ্ধার্থ।

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন সিদ্ধার্থ। ২০২৩ সালে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় তাঁকে দেখা যায়। প্রাপ্তবয়স্ক অভিনেতা হিসেবে বড় পর্দায় তাঁর নতুন পথচলার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ ছিল এটি।

অভিনয়ের পাশাপাশি সংগীত নিয়েও কাজ করেছেন সিদ্ধার্থ। ২০২২ সালে গায়ক ও গীতিকার হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। অভিনয়ের বাইরে নিজের পরিচয়কে আরও বিস্তৃত করার চেষ্টা করছেন এই তরুণ তারকা।

জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে সিদ্ধার্থের ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের কৌতূহল ছিল। বিশেষ করে বিভিন্ন সহশিল্পীর সঙ্গে তাঁর বন্ধুত্ব ও অনস্ক্রিন রসায়নকে ঘিরে অতীতে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে এবার আর কোনো গুঞ্জনের সুযোগ রাখলেন না অভিনেতা নিজেই।

রিয়া ঠাক্কারের সঙ্গে সম্পর্কের কথা সরাসরি প্রকাশ করে সিদ্ধার্থ জানিয়ে দিলেন, তাঁর জীবনের বিশেষ মানুষ কে। দুই বছর ধরে গোপনে রাখা প্রেমের খবর প্রকাশ্যে আসায় ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

তবে রিয়া ঠাক্কার বিনোদনজগতের পরিচিত মুখ কি না কিংবা তাঁদের পরিচয়ের বিস্তারিত গল্প সম্পর্কে এখনো খুব বেশি তথ্য প্রকাশ করেননি সিদ্ধার্থ। এত দিন যেভাবে সম্পর্কটিকে ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন, ভবিষ্যতেও তার অনেকটা অংশ নিজেদের মধ্যেই রাখতে চান এই জুটি।