ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি পেয়েছেন এক বিশেষ সম্মাননা। দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে পারফরম্যান্স এবং দীর্ঘ চলচ্চিত্রজীবনের স্বীকৃতি হিসেবে তাকে একটি সোনার কলস উপহার দিয়েছে চ্যানেল আই। সম্মাননাটি তার হাতে তুলে দেন ফরিদুর রেজা সাগর।
হঠাৎ পাওয়া এই স্বীকৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। নিজের অনুভূতি জানিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্টও করেছেন তিনি।
অপু জানান, চ্যানেল আই থেকে ফোন পেয়ে তিনি সেখানে গেলেও কী কারণে ডাকা হয়েছে, সে সম্পর্কে আগে কিছুই জানতেন না। অনুষ্ঠানে গিয়ে হঠাৎ দেখেন ফরিদুর রেজা সাগরের হাতে একটি সোনার কলস, যা তার জন্যই রাখা হয়েছে। মুহূর্তটি তাকে গভীরভাবে আবেগতাড়িত করে।
পোস্টে অপু লেখেন, শিল্পীরা মূলত ভালোবাসা ও সম্মানের প্রত্যাশী। জীবনে কখনও অর্থ-সম্পদকে বড় করে দেখেননি, বরং মানুষের ভালোবাসাকেই সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে বিবেচনা করেছেন। দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের ভালোবাসা ও আশীর্বাদই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
ফরিদুর রেজা সাগরকে নিজের অভিভাবকের মতো উল্লেখ করে অপু বলেন, জীবনের নানা সংকট ও পেশাগত যাত্রায় তিনি সবসময় পাশে ছিলেন। তার স্নেহ, পরামর্শ ও সহযোগিতা তাকে সাহস জুগিয়েছে। তাই তার হাত থেকে এমন সম্মাননা পাওয়া ছিল অত্যন্ত আবেগঘন অভিজ্ঞতা।
সোনার কলসটির মূল্য নিয়ে অপু বলেন, এটি শুধু একটি পুরস্কার নয়; এর সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা, শ্রদ্ধা, আশীর্বাদ এবং দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি। তার মতে, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ও মূল্যবান প্রাপ্তিগুলোর একটি হয়ে থাকবে।
চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে, সোনার কলস পাওয়ার পেছনের গল্প এবং অপু বিশ্বাসের এই আবেগঘন অভিজ্ঞতা নিয়ে নির্মিত একটি বিশেষ অনুষ্ঠান আগামী ৫ জুন দুপুর ২টা ৩০ মিনিটে সম্প্রচার করা হবে।