বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ব্যবসায়ী আনন্দ আহুজা-র ঘর আলো করে এলো তাদের দ্বিতীয় সন্তান। রবিবার (২৯ মার্চ) এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। সুখবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে সোনম লেখেন, অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসায় পূর্ণ হৃদয়ে তারা তাদের পুত্রসন্তানের আগমনের কথা জানাচ্ছেন। এই নতুন সদস্যকে ঘিরে তাদের পরিবার এখন আরও পরিপূর্ণ হয়ে উঠেছে। তিনি জানান, তাদের বড় ছেলে বায়ু কাপুর আহুজা ছোট ভাইকে পেয়ে ভীষণ আনন্দিত। চারজনের পরিবার হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে তারা দারুণ উচ্ছ্বসিত বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।
খবরটি প্রকাশের পরপরই বলিউড অঙ্গনে আনন্দের আবহ তৈরি হয়। সহকর্মী, বন্ধু ও ভক্তদের শুভেচ্ছায় ভেসে যান সোনম ও আনন্দ। অভিনেত্রী কারিনা কাপুর খান সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “অভিনন্দন সোনা ও আনন্দ।”
এছাড়া সোনমের বোন রিয়া কাপুর, অভিনেত্রী হুমা কোরেশিসহ আরও অনেক তারকা এই দম্পতিকে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর ও আনন্দ আহুজা। ২০২২ সালে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। পরিবার ও ক্যারিয়ার দুই দিক সামলে বর্তমানে মাতৃত্বের এই নতুন অধ্যায় উপভোগ করছেন অভিনেত্রী।