দক্ষিণী চলচ্চিত্রের তারকা নানি তাঁর ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দেওয়ার পর এবার মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন চলচ্চিত্র ‘দ্য প্যারাডাইস’। সিনেমাটি মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে (অ্যাডভান্স বুকিং) একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। অ্যাডাল্ট বা ‘এ’ সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও বিশ্বজুড়ে অগ্রিম টিকিট বিক্রিতে নানি ভেঙে দিচ্ছেন নিজেরই তৈরি আগের সব রেকর্ড। 

প্রতিবেদনে জানানো হয়, শ্রীকান্ত ওদেলা পরিচালিত এই সিনেমাটি বৃহস্পতিবার মুক্তির কথা থাকলেও বুধবার সন্ধ্যার প্রিমিয়ার শো এবং প্রথম দিনের টিকিটের জন্য বিশ্বজুড়ে ইতোমধ্যেই ৩৫ কোটি টাকারও বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। এর মধ্যে কেবল টিকিট প্রি-সেল থেকেই বৈশ্বিক বাজার থেকে আয় হয়েছে প্রায় ৪৩ কোটি রুপি। উত্তর আমেরিকায় সিনেমাটির অগ্রিম আয় ছাড়িয়ে গেছে ১.১১ মিলিয়ন ডলার (প্রায় ১০.৬২ কোটি টাকা), যা নানির আগের সিনেমা ‘হিট: দ্য থার্ড কেস’-এর তুলনায় দ্বিগুণেরও বেশি।

১৯৮০-এর দশকে সিকান্দরাবাদের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় নানি ‘জাডাল’ নামের এক প্রান্তিক যুবকের চরিত্রে অভিনয় করেছেন, যে কি না সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে লড়ে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মোহন বাবু, কায়াদু লোহার এবং রাঘব জুয়াল। সহিংসতা ও উগ্র দৃশ্যের কারণে সেন্সর বোর্ড থেকে এটি ‘এ’ সার্টিফিকেট পেলেও দর্শক চাহিদায় তার কোনো প্রভাব পড়েনি। বক্স অফিস বিশ্লেষকদের মতে, সিনেমাটি প্রথম দিনেই নানির ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং সংগ্রহের নতুন ইতিহাস গড়তে যাচ্ছে।