টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনা দীর্ঘদিনের। বিশেষ করে তার তিন বিয়ে ও বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময়ে নানা মন্তব্যের মুখে পড়েছেন তিনি। এবার এক সাক্ষাৎকারে জীবনের কঠিন সময়ের কথা বলতে গিয়ে শ্রাবন্তী জানালেন, সম্পর্কের বারবার পাওয়া আঘাত তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। এমনকি একাধিকবার নিজেকে শেষ করে দেওয়ার কথাও মনে হয়েছিল তার।

‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করে শ্রাবন্তী বলেন, ‘অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দিই। তারপর ভেবেছি, কেন শেষ করব? একটা ভুল পছন্দের কারণে?’

খুব অল্প বয়সে ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। দীর্ঘ দাম্পত্যের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের ছেলে অভিমন্যু রয়েছে। বিচ্ছেদের পর থেকে মায়ের সঙ্গেই থাকছেন তিনি।

প্রথম বিয়ের বিচ্ছেদের পর মডেল কৃষাণের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। ২০১৬ সালেই তারা বিয়ে করেন। তবে এক বছরের মধ্যেই সেই দাম্পত্য সম্পর্কেরও ইতি ঘটে।

এরপর ২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। শুরুতে সম্পর্ক ভালো থাকলেও পরবর্তী সময়ে তাদের দাম্পত্যে ফাটল ধরে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের এপ্রিলে রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর বিচ্ছেদ সম্পন্ন হয়।

এদিকে বিয়ে ও বিচ্ছেদের পাশাপাশি বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে শ্রাবন্তীর নাম জড়িয়েছে। তবে এসব নিয়ে প্রশ্ন উঠলে অভিনেত্রী বরাবরই নিজের কাজকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। বর্তমানে অভিনয় ও পেশাগত জীবনেই তার মূল মনোযোগ বলে জানিয়েছেন তিনি।

ব্যক্তিজীবনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়েছেন শ্রাবন্তী। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার পর পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানেও তাকে দেখা গেছে।