টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন সম্পূর্ণ এক ভিন্ন রূপে। ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজে তাঁকে দেখা যাবে ৬৫ বছর বয়সী গিরিজাবালা সান্যালের চরিত্রে। দীর্ঘ ৩০ বছরের অভিনয় জীবনে এমন চ্যালেঞ্জিং চরিত্রকে নিজের ক্যারিয়ারের জন্য এক বড় আশীর্বাদ বলে মনে করছেন তিনি। পর্দায় বুড়ি ঠাকুমা হয়ে উঠতে কোনো প্রস্থেটিক মেকআপের সাহায্য না নিয়ে বরং শরীরের ওপরই কাজ করেছেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানান, এই চরিত্রের প্রয়োজনে তাঁকে ওজন বাড়াতে হয়েছে। বাণিজ্যিক ছবির গ্ল্যামারাস নায়িকার খোলস ছেড়ে নিজেকে নতুনভাবে প্রমাণ করার এই সুযোগটি তিনি হাতছাড়া করতে চাননি। ওজন বাড়ানো এবং ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ট্রোলিংয়ের শিকার হতে হয় তাঁকে। এই প্রসঙ্গে কড়া ভাষায় শ্রাবন্তী বলেন, “অনেকেই খেয়েদেয়ে কাজ না পেয়ে নেতিবাচক মন্তব্য করেন। এতদিন এড়িয়ে চললেও এখন বিষয়টি সীমা ছাড়িয়ে গিয়েছে, তাই প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি।” তাঁর মতে, এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে মানসিক শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি।

অভিনয়ের পাশাপাশি খুব শীঘ্রই প্রযোজকের খাতায় নাম লেখানোর ইচ্ছা প্রকাশ করেছেন শ্রাবন্তী। থ্রিলার বা রোমান্টিক ঘরানার সিনেমা বানানোর পরিকল্পনা থাকলেও বর্তমানে অভিনয়ের ব্যস্ততায় বিস্তারিত সময় পাচ্ছেন না। তবে প্রযোজনা যে তিনি করবেন, তা নিশ্চিত করেছেন। এ ছাড়া ভালো প্রস্তাব পেলে হিন্দি ওটিটিতেও কাজ করতে আগ্রহী তিনি। শ্রাবন্তী স্পষ্ট জানান, তিনি এখন আর কেবল নাচ-গানের চরিত্রে সীমাবদ্ধ থাকতে চান না; বরং নিজেকে প্রতিনিয়ত ভেঙে নতুন করে গড়ার খিদে এখনো তাঁর মাঝে প্রবল।