হিন্দি সিনেমায় ‘অ্যাংরি ইয়ং ম্যান’ চরিত্রটি চিরচেনা। তবে চিত্রনাট্যকার ও পরিচালক সুরেশ ত্রিবেণী তাঁর নতুন সিনেমা ‘সুবেদার’-এ এই ঘরানাকেই নিয়ে এসেছেন এক নতুন আবহে। যেখানে ছবির মূল চরিত্রে রয়েছেন ৬৯ বছর বয়সী অনিল কাপুর। বয়সের হিসেবে ‘ইয়ং’ না হলেও, তাঁর দুর্ধর্ষ অ্যাকশন আর পর্দায় শক্তিশালী উপস্থিতি প্রমাণ করে দেয় যে কেন তিনি এখনো বলিউডের অন্যতম বড় তারকা। সিনেমার গল্পে কিছুটা দুর্বলতা থাকলেও, শুধুমাত্র অনিল কাপুরের অভিনয় ও ব্যক্তিত্বের জন্যই ‘সুবেদার’ দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে।
একনজরে সিনেমা:
নাম: সুবেদার (Subedar)
ধরন: অ্যাকশন-ড্রামা
পরিচালক: সুরেশ ত্রিবেণী
অভিনয়: অনিল কাপুর, রাধিকা মদন, সৌরভ শুক্লা, মোনা সিং
ওটিটি প্ল্যাটফর্ম: অ্যামাজন প্রাইম ভিডিও
সিনেমায় অনিল কাপুরকে দেখা গেছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অর্জুন মৌর্যর চরিত্রে। দীর্ঘ সময় সীমান্তে দায়িত্ব পালন শেষে নিজের শহরে ফিরে এসে তিনি জড়িয়ে পড়েন স্থানীয় অপরাধচক্রের সাথে। একই সঙ্গে ব্যক্তিগত জীবনে নিজের মেয়ে শ্যামার (রাধিকা মদন) সাথে তাঁর সম্পর্কের টানাপোড়েন গল্পের মানবিক দিকটিকে তুলে ধরে। অর্জুনের প্রিয় ‘লাল জিপসি’ গাড়িকে কেন্দ্র করে শুরু হওয়া ঝামেলার মাধ্যমে উঠে আসে উত্তর ভারতের একটি ক্ষয়িষ্ণু ছোট শহরের অন্ধকার চিত্র, যেখানে স্থানীয় মাফিয়াদের হাতে সাধারণ মানুষ জিম্মি।
পুরো সিনেমায় সংলাপ কম থাকলেও অনিল কাপুরের ‘অ্যাংরি লুক’ অনেক না বলা কথা বলে দেয়। অ্যাকশন দৃশ্যগুলোতে এই বয়সেও তিনি যে ক্ষিপ্রতা দেখিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে। পার্শ্ব চরিত্রে রাধিকা মদন তাঁর স্বাধীনচেতা চরিত্রের মাধ্যমে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। এ ছাড়াও সৌরভ শুক্লা, মোনা সিং এবং আদিত্য রাওয়াল নিজেদের জায়গা থেকে গল্পকে পূর্ণতা দিয়েছেন। সুরেশ ত্রিবেণী তাঁর সাউন্ড ডিজাইন এবং অধ্যায়ভিত্তিক ন্যারেশনের মাধ্যমে সিনেমার নান্দনিকতা বৃদ্ধি করেছেন। যদিও ক্লাইম্যাক্স কিছুটা চেনা ছকের, তবুও অনিল কাপুরের তেজস্বী অভিনয় সব দুর্বলতাকে ছাপিয়ে গেছে।