পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের অন্যতম সফল ও জনপ্রিয় জুটি দেব এবং শুভশ্রী গাঙ্গুলি। পর্দায় অনবদ্য কেমিস্ট্রির পাশাপাশি একসময় তাঁদের ব্যক্তিজীবনের সম্পর্ক নিয়েও টলিউডে কম চর্চা হয়নি। তবে সেই সম্পর্ক ভাঙার পর কেটে গেছে দীর্ঘ ১১টি বছর। সেই দীর্ঘ বিরতি ভেঙে অবশেষে ভক্তদের পছন্দের ‘দেশু’ জুটি আবার একফ্রেমে ফিরছে দেবের প্রথম পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর মাধ্যমে। সিনেমাটির শুটিংয়ের শেষ দিনে দেবের উদ্দেশ্যে এক আবেগঘন খোলা চিঠি লিখে মনের অব্যক্ত কথা প্রকাশ করেছেন শুভশ্রী।

বুধবার ছিল সিনেমাটির শুটিংয়ের শেষ দিন। সেই সুযোগে দেবের উদ্দেশ্যে শুভশ্রী লেখেন, “আমরা দুজনই কমবেশি একই সময়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। তবে এবার অভিজ্ঞতাটা ছিল একেবারেই অন্যরকম। কারণ, তোমার প্রথম পরিচালিত সিনেমার অংশ হতে গিয়ে তোমাকে এবং তোমার ভাবনাকে পর্দায় জীবন্ত হয়ে উঠতে দেখেছি। তোমার একেবারেই অন্য একটি দিক আবিষ্কার করেছি।”

চিঠিতে শুভশ্রী স্বীকার করেন যে শুরুতে পরিচালক দেবের ভিশন ও মেধা দেখে তাঁর কিছুটা ঈর্ষা হলেও আস্তে আস্তে তা অনুপ্রেরণায় বদলে যায়। তিনি জানান, দেব যেভাবে অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মাণের খুঁটিনাটি রপ্ত করেছেন তা সত্যিই প্রশংসনীয়। শুভশ্রীর বিশ্বাস, ‘দেশু ৭’ মুক্তির পর ইন্ডাস্ট্রি একজন নতুন যুগের দক্ষ নির্মাতা পাবে।

দেব-শুভশ্রী ছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকারকে। আসছে দুর্গোৎসবে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।