বলিউড অভিনেতা গোবিন্দের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের নানা গুঞ্জনের মধ্যে এবার মুখ খুলেছেন তার স্ত্রী সুনীতা আহুজা। সম্প্রতি একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে দাম্পত্য জীবন, পরকীয়ার গুঞ্জন এবং অতীতের নানা বিতর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

‘লক আপ ২’ রিয়েলিটি শোর উদ্বোধনী পর্বে প্রতিযোগী হিসেবে হাজির হয়ে সুনীতা বলেন, কাউকে সত্যিকারের ভালোবাসলে সম্পর্কের কঠিন সময়ও মেনে নিতে হয়। সেই প্রসঙ্গেই গোবিন্দের পরকীয়া নিয়ে মন্তব্য করেন তিনি।

সুনীতা বলেন, গোবিন্দ জীবনে কতবার পরকীয়া করেছেন, তার সঠিক সংখ্যা তিনি নিজেও বলতে পারবেন না। তবে এত বছর ধরে সবকিছু সহ্য করে স্বামীর পাশে থেকেছেন বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, অভিনেতা-অভিনেত্রীদের জীবনে এমন ঘটনা ঘটে থাকে। দীর্ঘ সময় গোবিন্দকে সমর্থন করার পর তিনি মনে করেন, পরের জন্মে গোবিন্দের মতো একজন ছেলে পাওয়ার যোগ্য তিনি।

অনুষ্ঠানে গোবিন্দের পায়ে গুলি লাগার বহুল আলোচিত পুরোনো ঘটনাও উঠে আসে। সে সময় বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়েছিল, সুনীতাই নাকি অভিনেতাকে গুলি করেছিলেন। সেই প্রসঙ্গে রসিকতা করে তিনি বলেন, তিনি কখনো লক্ষ্যভ্রষ্ট হন না। একই সঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, জীবনে অন্য কেউ চলে এলে এমন দুর্ঘটনাও ঘটতে পারে।

গোবিন্দ ও সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও গুঞ্জন রয়েছে। সর্বশেষ রিয়েলিটি শোতে সুনীতার এসব মন্তব্য নতুন করে সেই আলোচনাকে উসকে দিয়েছে।